পাকিস্তানের ওয়াজিরিস্তান সফর করল রুশ সামরিক প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i35370-পাকিস্তানের_ওয়াজিরিস্তান_সফর_করল_রুশ_সামরিক_প্রতিনিধি_দল
রাশিয়ার একটি সামরিক প্রতিনিধি দল আজ(বৃহস্পতিবার) পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তান সফর করেছে। ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ কর্নেল জেনারেল ইসরাকোভ সার্গেই ইউরিভিচের নেতৃত্বাধীন রুশ প্রতিনিধি দলটি উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তান সফর করেন। পাকিস্তানের পেশোয়ার কোরের কমান্ডার লে জেনারেল নাজির আহমেদ বাট রুশ প্রতিনিধি দলকে সঙ্গ দিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ৩০, ২০১৭ ১৮:২৩ Asia/Dhaka
  • পাকিস্তানের ওয়াজিরিস্তান সফর করল রুশ সামরিক প্রতিনিধি দল

রাশিয়ার একটি সামরিক প্রতিনিধি দল আজ(বৃহস্পতিবার) পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তান সফর করেছে। ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ কর্নেল জেনারেল ইসরাকোভ সার্গেই ইউরিভিচের নেতৃত্বাধীন রুশ প্রতিনিধি দলটি উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তান সফর করেন। পাকিস্তানের পেশোয়ার কোরের কমান্ডার লে জেনারেল নাজির আহমেদ বাট রুশ প্রতিনিধি দলকে সঙ্গ দিয়েছেন।

প্রতিনিধি দলটি উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরান শাহ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়াননা সফর করেছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, উপজাতীয় এলাকা থেকে সব ধরণের সন্ত্রাসী নির্মূলে পাকিস্তান সেনাবাহিনীর তৎপরতা সম্পর্কে এ দলকে অবহিত করা হয়।

সফররত প্রতিনিধি দলকে পাক-আফগান সীমান্ত ব্যবস্থাপনা এবং ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সাফল্যের প্রশংসা করে রুশ প্রতিনিধি দল। পাশাপাশি ওই এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাক বাহিনীর তৎপরতাও প্রশংসিত হয়।

এই প্রথম রুশ কোনো সামরিক প্রতিনিধি দল পাকিস্তানের গোলযোগপূর্ণ অঞ্চল সফর করল। পাকিস্তানের সংবাদ মাধ্যমে এ সফরকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বী দেশ দু’টির মধ্যে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে - এ সফরের মাধ্যমে তাই ফুটে উঠেছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে সামরিক মহড়ায় প্রথম বারের মতো অংশ নিয়েছিল রুশ পদাতিক বাহিনী। এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত আমান ২০১৭ আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল রুশ নৌবাহিনী ডুবোজাহাজ বিধ্বংসী সর্ববৃহৎ যুদ্ধজাহাজ সেভারমরস্ক।#

পার্সটুডে/মূসা রেজা/৩০