অস্ত্র দিয়ে তাইওয়ানের একত্রীকরণ ঠেকানো যাবে না: চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i35374-অস্ত্র_দিয়ে_তাইওয়ানের_একত্রীকরণ_ঠেকানো_যাবে_না_চীনের_হুঁশিয়ারি
বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান যদি মনে করে সে অস্ত্র দিয়ে চীনের সঙ্গে নিজের একীভূত হয়ে যাওয়া প্রতিহত করতে পারবে তাহলে চরম ভুল করবে। আমেরিকা যখন স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে নতুন করে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০১৭ ০১:৫৭ Asia/Dhaka
  • চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওউ কিয়ান
    চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওউ কিয়ান

বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান যদি মনে করে সে অস্ত্র দিয়ে চীনের সঙ্গে নিজের একীভূত হয়ে যাওয়া প্রতিহত করতে পারবে তাহলে চরম ভুল করবে। আমেরিকা যখন স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে নতুন করে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওউ কিয়ান বৃহস্পতিবার বেইজিং-এ সাংবাদিকদের মাসিক ব্রিফিংয়ে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী তৎপরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। অস্ত্রের মাধ্যমে চীনের সঙ্গে একীভূত হয়ে যাওয়া ঠেকিয়ে দেয়ার প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি তাইওয়ানের হাতে বিশাল সমরাস্ত্রের ভাণ্ডার তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক রকেট ব্যবস্থা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে আমেরিকাকে এরইমধ্যে সতর্ক করে দিয়েছে চীন।

‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত সরকারগুলো বেইজিং-এর এক চীন নীতিকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে আসলেও ট্রাম্প প্রশাসন দৃশ্যত এক্ষেত্রে উল্টো পথে হাটতে চায়। ১৯৪৯ সালের এক গৃহযুদ্ধের পর তাইওয়ান চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু বেইজিং এখনো এই দ্বীপের ওপর নিজের মালিকানা ছাড়েনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১