আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করল রাশিয়া
-
সিরিয়ার আকাশে একটি মার্কিন এফ-১৫ই জঙ্গিবিমান (ফাইল ছবি)
সিরিয়ার আকাশে সংঘর্ষ এড়াতে আমেরিকার সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছিল তা বাতিল করে দিয়েছে মস্কো। আজ (শুক্রবার) ভোররাতে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এ পদক্ষেপ নিল রাশিয়া।
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আলাদা আলাদা হামলা চালাতে গিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং রাশিয়ার জঙ্গিবিমানের মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয় সে লক্ষ্যে ২০১৫ সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ওই চুক্তি হয়েছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার আকাশে সংঘর্ষ এড়াতে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল তা রাশিয়া স্থগিত করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিঃসন্দেহে ইদলিবের রাসায়নিক হামলার অনেক আগে সিরিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল ওয়াশিংটন। ইদলিবের ঘটনাকে শুধুমাত্র অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে দেবে। একই সঙ্গে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে ওই মন্ত্রণালয়। এটি বলেছে, মার্কিন নৌবাহিনী যে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে ২৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাকি ৩৬টি গিয়ে কোথায় পড়েছে তা কেউ জানে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭