নওয়াজ শরিফকে ক্ষমতা ছাড়তে হচ্ছে না, বিভক্ত রায় দিল আদালত
https://parstoday.ir/bn/news/world-i36540-নওয়াজ_শরিফকে_ক্ষমতা_ছাড়তে_হচ্ছে_না_বিভক্ত_রায়_দিল_আদালত
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় আরো অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত আজ (বৃহস্পতিবার) বলেছে, নওয়াজ শরিফকে তার পদ থেকে সরিয়ে দেয়ার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২০, ২০১৭ ১২:৪৫ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
    পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় আরো অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত আজ (বৃহস্পতিবার) বলেছে, নওয়াজ শরিফকে তার পদ থেকে সরিয়ে দেয়ার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না।

পানামা পেপারস কেলেঙ্কারিতে করা দুর্নীতি মামলা দীর্ঘ এক মাস শুনানীর পর আজ (বৃহস্পতিবার) বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণা দিয়ে বিচারপতি আসিফ সায়্যিদ খোসা বলেছেন, এই ক্ষেত্রে আরো পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন।

সুপ্রিম কোর্টের বাইরে আজ রায়ের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের জানান, পাঁচজন বিচারপতির বেঞ্চে ৩-২ এ রায় বিভক্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে পানামা কেলেঙ্কারির ঘটনা তদন্তের জন্য যে কমিশন গঠনের কথা বলেছিলেন আদালতও সেই রায় দিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্ট যখন আজ রায় দিচ্ছিল তখন সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বিরোধীদলীয়  অনেক বিক্ষোভকারী 'নওয়াজ তুমি চলে যাও', 'নওয়াজ তুমি চলে' - এ কথা বলে মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল।

বিশ্বজুড়ে বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরীফের তিন সন্তানের নাম বিদেশে থাকা ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত আছে বলে প্রকাশ পেলে এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক দেখা দেয়। যদিও নওয়াজ শরীফ ও তার পরিবার কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।    

আদালতে নওয়াজ শরীফের বিদেশে ব্যবসার বৈধতা নিয়ে হওয়া দুর্নীতির মামলার আজকের আদেশ তার বিপক্ষে গেলে তাকে ক্ষমতা থেকেও হয়তো সরে দাঁড়াতে হতো।#

পার্সটুডে/বাবুল আখতার/২০