থাড-এর জন্য ভাড়া দিতে পারব না: দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i37068-থাড_এর_জন্য_ভাড়া_দিতে_পারব_না_দক্ষিণ_কোরিয়া
আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে অর্থ পরিশোধের যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ৩০, ২০১৭ ০২:৫৯ Asia/Dhaka
  • থাড-এর জন্য ভাড়া দিতে পারব না: দক্ষিণ কোরিয়া

আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে অর্থ পরিশোধের যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে 'নিরাপত্তা' দেয়ার লক্ষ্যে এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।     

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকার সঙ্গে সিউলের সামরিক চুক্তি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জন্য প্রয়োজনীয় ভূমি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের সুযোগ দিয়েছে সিউল। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থানে কোনো পরিনবর্তন আসবে না। কিন্তু এ ব্যবস্থা মোতায়েন রাখার খরচ আমেরিকাকেই বহন করতে হবে।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে কোরিয় উপদ্বীপে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন আমেরিকা ও তার আঞ্চলিক সহযোগী দক্ষিণ কোরিয়ার মধ্যে এ মতপার্থক্য তৈরি হলো।

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়া হবে। তিনি চলতি সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়াকে বলেছিলেন, থাড মোতায়েনের খচর বাবদ ওয়াশিংটনকে ১০০ কোটি ডলার দিতে হবে। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০