সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে পরমাণু পরীক্ষা চলবে: পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i37152-সর্বোচ্চ_নেতৃত্বের_সিদ্ধান্তে_পরমাণু_পরীক্ষা_চলবে_পিয়ংইয়ং
উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, সেদেশের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থানে দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। পিয়ংইয়ং-এর এ ঘোষণা চলমান উত্তেজনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০১, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে পরমাণু পরীক্ষা চলবে: পিয়ংইয়ং

উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, সেদেশের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থানে দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। পিয়ংইয়ং-এর এ ঘোষণা চলমান উত্তেজনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে রয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বা ষষ্ঠ দফা পরমাণু পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ রকম পদক্ষেপ ঠেকাতে সামরিক হামলা চালানো হবে না বলেও কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে ওয়াশিংটন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (সোমবার) বলেন, আমেরিকার যে কোনো পদক্ষেপের মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। এ ছাড়া, আমেরিকা বৈরী নীতি ত্যাগ না করা পর্যন্ত আগাম পরমাণু হামলার সক্ষমতা বাড়ানোও অব্যাহত রাখবে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ পরিবেশিত খবরে দেশটির সম্ভাব্য ষষ্ঠ পরমাণু পরীক্ষা সম্পর্কে আভাস দেয়া হয়। এতে বলা হয়, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতে যে কোনো সময়ে যে কোনো স্থানে এ পরীক্ষা চালানো হতে পারে।

গত ১১ বছরে উত্তর কোরিয়া পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে। দেশটি আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের পথে  রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১