লন্ডনের ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হয়েছে: পুলিশ
ব্রিটেনের রাজধানী লন্ডনের বহুল আলোচিত গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
ব্রিটিশ পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি শনিবার সাংবাদিকদের বলেছেন, আগুন লাগার রাতে গ্রেনফেল টাওয়ারে অন্তত ৫৮ ব্যক্তি ছিলেন বলে জানানো হয়েছে যারা এখনো নিখোঁজ রয়েছেন। কাজেই দুঃখজনকভাবে ধরে নিতে হচ্ছে তাদের সবাই মারা গেছেন। নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে মঙ্গলবার মধ্যরাতের পর পশ্চিম লন্ডনের ভবনটিতে আগুন লাগার ঘটনায় নিশ্চিত মৃতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে। ব্রিটিশ পুলিশ প্রধান বলেন, তিনি যে ৫৮ জনের কথা বলেছেন তাদের মধ্যে আগে থেকে ঘোষিত ওই ৩০ ব্যক্তিও রয়েছেন।
তবে ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, নিশ্চিত নিহত ব্যক্তিরা ছাড়া এখনো আরো ৭০ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া, স্থানীয় অনেক অধিবাসী অভিযোগ করেছেন, আগুন লাগার সময় টাওয়ারটিতে প্রায় ৫০০ মানুষ ছিলেন। হতভাগ্য এসব মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ কারণ খুব অল্প সময়ের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে যায়।
এ কারণে তাদের মতে, ব্রিটিশ কর্তৃপক্ষ যে সংখ্যা বলছে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮