বঙ্গোপসাগরে আমেরিকা ও জাপানের সঙ্গে ভারতের নৌ-মহড়া শুরু
-
মার্কিন, জাপানি ও ভারতীয় রণতরীর পাশাপাশি অবস্থান (ফাইল ছবি)
ভারত দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ নৌ-মহড়া শুরু করেছে।
হিমালয় অঞ্চলে চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ (সোমবার) শুরু হয়েছে এই নৌ-মহড়া যা আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।
জাপানের নৌ-বাহিনী এ নিয়ে টানা চতুর্থবারের মতো ‘মালাবার মহড়ায় অংশ নিচ্ছে। আর ভারত ও আমেরিকা ১৯৯২ সাল থেকে প্রতি বছরই বঙ্গোপসাগরে এই নৌ-মহড়া চালিয়ে আসছে।
বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ-জাহাজ ইউএসএস নিমিৎজ এই মহড়ায় অংশ নিচ্ছে।
নয়াদিল্লি, টোকিও এবং ওয়াশিংটন দক্ষিণ ও পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী। ভূখণ্ড নিয়ে চীনের সঙ্গে ভারতের দীর্ঘ বহু বছরের বিরোধ রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগরে চীনের তৎপরতা বহু গুণে বেড়েছে। দেশটি শ্রীলংকা, বাংলাদেশ ও পাকিস্তানে সমুদ্র বন্দরও নির্মাণ করছে।
ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠকে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। #
পার্সটুডে/মু.আ. হুসাইন/১০