কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী?
-
উপরে বাম থেকে শাহবাজ শরীফ ও খাজা আসিফ, নিচে সর্দার আইয়াজ সাদিক ও এহসান ইকবাল (ডানে)
আদালতের রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন তাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান হিসেবে নওয়াজ শরীফ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদের জন্য পছন্দের যেকোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবেন। এছাড়া, জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকায় নওয়াজের দলই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে সরকার পরিচালনা করতে পারবে।
যে ব্যক্তিকে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেবেন তাকে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। সংসদে নওয়াজের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতা হবে এবং নওয়াজ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেয়া যাচ্ছে।
মেয়ে মারিয়াম শরীফকে নওয়াজ শরীফের উত্তরসূরী বলে ধারণা করা হয়। কিন্তু তিনি বর্তমানে জাতীয় সংসদের সদস্য নন এবং তিনিও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছেন। ফলে এ মুহূর্তে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। বাকি যেসব ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে পাকিস্তানে ব্যাপক আলোচনা চলছে তারা হলেন- নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় সংসদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক ও আমেরিকায় লেখাপড়া করা সংসদ সদস্য এহসান ইকবাল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮