অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আব্বাসি, নির্বাচনের জন্য পদত্যাগ করছেন শাহবাজ
https://parstoday.ir/bn/news/world-i43084-অন্তর্বর্তী_প্রধানমন্ত্রী_হচ্ছেন_আব্বাসি_নির্বাচনের_জন্য_পদত্যাগ_করছেন_শাহবাজ
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। নওয়াজ শরীফকে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লীগ আব্বাসিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৯, ২০১৭ ২১:১১ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ (বামে) ও শাহীদ খাকান আব্বাসি
    শাহবাজ শরীফ (বামে) ও শাহীদ খাকান আব্বাসি

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। নওয়াজ শরীফকে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লীগ আব্বাসিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, নওয়াজ শরীফের ছোটভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পদত্যাগ করলে সেখানে অন্য কেউ প্রাদেশিক মুখ্যমন্ত্রী হবেন আর শাহবাজ শরীফ বড় ভাই নওয়াজ শরীফের শূণ্য আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে তিনি জিতলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। শনিবার সন্ধ্যার দিকে নওয়াজ শরীফ এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে এবং সে নির্বাচনে শাহবাজ শরীফ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার আগ পর্যন্ত শাহীদ খাকান আব্বাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। মনোনয়নের পর আব্বাসি বলেছেন, এ বিষয়ে তার কোনো আকাঙ্ক্ষা ছিল না; দলের সিদ্ধান্তেই সবকিছু হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯