অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন: সংসদ অধিবেশন ডেকেছেন পাক প্রেসিডেন্ট
-
পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ১ আগস্ট জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেইন।
পানামা পেপার্স মামলায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর প্রেসিডেন্ট মামনুন হোসেইন এ সিদ্ধান্ত নিলেন। শুক্রবার আদালতের ওই রায়ের ফলে নওয়াজ শরীফ মেয়াদ পূর্ণ হওয়ার আগে তৃতীয়বারের মতো ক্ষমতা ছাড়ার রেকর্ড করলেন। এ দফায় মেয়াদ শেষ হওয়ার জন্য আর মাত্র বছরখানেক সময় ছিল। ২০১৮ সালে পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রেসিডেন্ট মামনুন হোসেইনের দপ্তরের কয়েকটি সূত্র বলেছে, মঙ্গলবার বিকেল তিনটায় সংসদের অধিবেশন বসতে পারে এবং এ অধিবেশনে শুধু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টিই এজেন্ডা হিসেবে থাকবে। প্রধানমন্ত্রীর পদে নির্বাচনের জন্য রোববার বেলা তিনটা থেকে ৩১ জুলাই বেলা ২টা পর্যন্ত মনোননয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা পড়ার পর তা বাছাই করবেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক।
নওয়াজ শরীফের দল সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে দলের প্রার্থী হিসেবে ঠিক করেছে। অন্যদিকে, বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে আওয়ামী মুসলিম লীগের সভাপতি শেখ রশীদ আহমেদকে সমর্থন দিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টি। নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা করেছিলেন শেখ রশীদ। তবে সংসদে দলীয় প্রার্থী বিজয়ী করার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে নওয়াজ শরীফের মুসলিম লীগের।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০