নতুন প্রধানমন্ত্রী হলেন খাকান আব্বাসি: পাক সংসদে নওয়াজের প্রশংসা
-
শাহীদ খাকান আব্বাসি
পাকিস্তানের সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।আজ (মঙ্গলবার) দেশটির জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে তাকে ২৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণে আব্বাসিকে নতুন প্রধানমন্ত্রী করা হলো।
সংসদে তার পক্ষে ২২১ ভোট পড়েছে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাভিদ কামার পেয়েছেন মাত্র ৪৭ ভোট। স্পিকার আইয়াজ সাদিক প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসিকে নির্বাচিত ঘোষণা করার পর সংসদের ভেতরে পাকিস্তান মুসলিম লীগ-এনের সদস্যরা নওয়াজের পক্ষে শ্লোগান দিতে থাকেন।
নির্বাচিত হওয়ার পর আব্বাসি সংসদ সদস্য, জনগণ এবং নওয়াজ শরীফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, কাদা ছোঁড়াছুড়ি সত্ত্বেও ইমরান খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আব্বাসি আরো বলেন, পাক সুপ্রিম কোর্টের রায় পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএল-এনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। পাকিস্তানের উন্নয়নের জন্য এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করাসহ বড় আকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তার তাকে শাস্তি দেয়া হয়েছে।
কথিত পানামা পেপার্স দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পাঁচ দিনের মাথায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আব্বাসি।#
পার্সটুডে/মূসা রেজা/১