শেষপর্যন্ত শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নাও হতে পারেন
https://parstoday.ir/bn/news/world-i43372-শেষপর্যন্ত_শাহবাজ_পাকিস্তানের_প্রধানমন্ত্রী_নাও_হতে_পারেন
শাহবাজ শরীফ শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নাও করতে পারেন। পানামা পেপার্সকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর ক্ষমতাসীন মুসলিম লী-এন সিদ্ধান্ত নিয়েছিল, সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন শাহীদ খাকান আব্বাসি। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করবেন নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৩, ২০১৭ ০৬:১৭ Asia/Dhaka
  • পাঞ্জাবের  মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ
    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ

শাহবাজ শরীফ শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নাও করতে পারেন। পানামা পেপার্সকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর ক্ষমতাসীন মুসলিম লী-এন সিদ্ধান্ত নিয়েছিল, সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন শাহীদ খাকান আব্বাসি। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করবেন নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।

এ জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব শাহবাজের ছেলে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য হামজা শরীফের হাতে ছেড়ে দেবেন বলে পরিকল্পনা করা হয়েছিল। লাহোরে নওয়াজের শূন্য আসন উপনির্বাচনে অংশ নিতে হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই শাহবাজের।

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগে শাহবাজকে প্রধানমন্ত্রী করার দলীয় পরিকল্পনা করেছিল নওয়াজের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ।  ১০ মাস পরে পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের রাজনীতিতে পাঞ্জাব প্রদেশের অপরিসীম গুরুত্ব থাকায় সেখান থেকে এখন শাহবাজকে সরিয়ে আনতে চাইছে না ক্ষমতাসীন দলের অনেকেই। তারা বলছেন, পরবর্তী ১০ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন আব্বাসি। নওয়াজের খুবই  আস্থাভাজন হিসেবে পরিচিত আব্বাসি। পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফের আমলে নওয়াজের বিরুদ্ধে সাক্ষী দিতে অস্বীকার করে টানা দুবছর কারাদণ্ড ভোগ করেছেন তিনি।

এদিকে, শাহবাজকে প্রধানমন্ত্রী করা নিয়ে বিতর্কের কথা স্বীকার করেছে পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক আহমদে এ বিতর্কের কথা স্বীকার করেন। অবশ্য তিনি বলেন, শাহবাজকে প্রধানমন্ত্রী করার বিষয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে দলের সংসদীয় কমিটিকে পুনরায় বৈঠক বসতে হবে। এ  পর্যন্ত শাহবাজকে প্রধানমন্ত্রী প্রার্থী করার দলীয় সিদ্ধান্তের কোনো রদবদল হয়নি বলেও জানান তিনি।

এ ছাড়া, প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে শাহবাজকে নির্বাচনে অংশ নিতে হলে একাধিক নয় বরং কেবলমাত্র নওয়াজের আসন থেকেই  তা করবেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ক্ষমতাসীন মুসলিম লিগে নওয়াজ বা শাহবাজ শিবির বলে কোনো বিভক্তি নেই । দুই ভাইকে নিয়ে দল একযোগে আলাপ করছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩