‘পর্দার আড়ালের বার্তা, ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন’
https://parstoday.ir/bn/news/world-i45122-পর্দার_আড়ালের_বার্তা_ইসলামাবাদের_সঙ্গে_সুসম্পর্ক_বজায়_রাখতে_চায়_ওয়াশিংটন’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পর্দার আড়াল থেকে জানিয়েছে যে ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন। পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগকে কেন্দ্র করে ইসলামাবাদের কঠোর অবস্থান গ্রহণের পরিপ্রেক্ষিতে এ বার্তা দেয়া হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ৩১, ২০১৭ ০৮:২৭ Asia/Dhaka
  • ‘পর্দার আড়ালের বার্তা, ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পর্দার আড়াল থেকে জানিয়েছে যে ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন। পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগকে কেন্দ্র করে ইসলামাবাদের কঠোর অবস্থান গ্রহণের পরিপ্রেক্ষিতে এ বার্তা দেয়া হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকাকে নিয়ে পাক সরকারের নীতি পর্যালোচনা শুরু করা হলে এ বার্তা দেয়া হয়।

এতে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারসাম্য পর্যায়ে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা। ওয়াশিংটনের প্রতি পাকিস্তানের অবস্থানের বিষয় নিয়ে সংলাপেও মার্কিন প্রশাসন প্রস্তুত বলে জানান হয়।

পক্ষান্তরে পাকিস্তান বলেছে, আমেরিকার সঙ্গে আরো আলোচনার আগে ট্রাম্প প্রশাসনকে নতুন নীতি পরিবর্তনের পরিষ্কার আভাষ দিতে হবে।  পাকিস্তানের সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ মনে করেন, ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক চাইলে আমেরিকাকে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে। এ ছাড়া, দেশ দুটির মধ্যে প্রতিনিধি পর্যায়ে আলোচনাও দ্রুত শুরু হবে বলে এ সব সূত্র থেকে জানান হয়।

জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার জন্য শিগগিরই  নিউ ইয়র্ক যাবেন পাক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এর অবকাশে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রগুলো আরো বলছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতা চলছে। কাবুলকে ইসলামাবাদ বলেছে, একমাত্র সংহতি প্রক্রিয়াই যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারে।

এ সব সূত্র বলছে, সংহতি প্রক্রিয়ায় পাকিস্তানকে ভূমিকা রাখতে বলেছে আফগানিস্তান এবং আমেরিকা।

পার্সটুডে/মূসা রেজা/৩১