তুরস্কের সঙ্গে সম্পর্কের পূনর্মূল্যায়ন করতে পারে জার্মানি: মারকেল
-
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল
তুরস্ক আরো দুজন জার্মান নাগরিককে আটক করার পর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এর নিন্দা করে বলেছেন, আংকারার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্লিন এবং তা হতে পারে দেশটির সঙ্গে সম্পর্কের পূনর্মূল্যায়ন।
গতকাল (শুক্রবার) দক্ষিণাঞ্চলীয় নুরেমবার্গ শহরে একদল ব্যবসায়ীর সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। মারকেল বলেন, “তুরস্কের আজকের পদক্ষেপের ফলে আমাদের হয়ত আংকারার সঙ্গে সম্পর্কের পূনর্মূল্যায়ন করার প্রয়োজন হতে পারে।” তিনি বলেন, “আমাদের বিবেচনায় এটা কোনোভাবেই আইনের শাসন হতে পারে না।”
গত বৃহস্পতিবার তুরস্ক সরকার জার্মানির দুজন নাগরিক গ্রেফতার করেছে এবং জার্মানি এ ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করে। জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার আনাতোলিয়া বিমানবন্দর থেকে জার্মানির দু জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে কিন্তু তুর্কি সরকার আনুষ্ঠানিকভাবে তা জানায় নি। উপকূলীয় শহর ইজমিরে অবস্থিত জার্মান কন্স্যুলেট অফিস বেসরকারিভাবে এ বিষয়ে তথ্য পেয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২