আমেরিকার সঙ্গে টানাপড়েনের মাঝে ইরান সফরে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
-
খাজা আসিফ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ইরান সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। তিনি আগামী শুক্রবার থেকে চারটি দেশ সফরে বের হবেন এবং তারই অংশ হিসেবে খাজা আসিফ ইরানে আসবেন। এ সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী ইরান ছাড়াও চীন, রাশিয়া ও তুরস্কে যাবেন।
আমেরিকা ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টির পর তিনি এ সফরে বের হচ্ছেন। দু সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আফগান নীতি ঘোষণা করেছেন এবং সে সময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করেন। এছাড়া, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও ট্রাম্প মন্তব্য করেছিলেন।
ট্রাম্পের এ বক্তব্যকে পাকিস্তান ভালোভাবে গ্রহণ করে নি বরং গত সপ্তাহে খাজা আসিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক স্থগিত করেন। এছাড়া, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের পাকিস্তান সফরও স্থগিত করে দেয় ইসলামাবাদ।
খাজা আসিফের সম্ভাব্য সফর সম্পর্কে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, পরামর্শ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফর করবেন। নাফিসের বক্তব্য অনুযায়ী, খাজা আসিফের আসন্ন এ সফর আমেরিকার জন্য শক্ত বার্তা দেবে যে, পাকিস্তানের প্রতি আঞ্চলিক দেশগুলোর বিরাট সমর্থন রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩