পরমাণু সমঝোতার প্রতি জোরালো সমর্থন দিন: ইউরোপকে রাশিয়া
-
তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান ডিঝাগারইয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পমাণু সমঝোতার প্রতি জোরালো সমর্থন দেয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান ডিঝাগারইয়ান।
তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান। লিভান বলেন, পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে সুস্পষ্ট ও নিশ্চিত অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। তিনি বলেন, "ইউরোপের দেশগুলোর উচিত স্বাধীন দেশ হিসেবে তেহরানে প্রতি সমর্থন দেয়া এবং উচ্চস্বরে বলা যে, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করছে।"
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ও নতুন নিষেধাজ্ঞার বিষয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, "আমি জানি না তাদের হাতে কী প্রমাণ আছে কিন্তু এটা পরিষ্কার যে, মার্কিন কংগ্রেসে ইরান-বিরোধী মনোভাব তীব্র।" তিনি আরো বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিশ্চিত করেছে যে, পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরান সহযোগিতা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫