নওয়াজের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী হলেন তার স্ত্রী কুলসুম
https://parstoday.ir/bn/news/world-i46063-নওয়াজের_শূন্য_আসনে_উপনির্বাচনে_বিজয়ী_হলেন_তার_স্ত্রী_কুলসুম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাঁর স্ত্রী কুলসুম শরীফ। গতকাল রোববার লাহোরে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ০৭:৩০ Asia/Dhaka
  • কুলসুম শরীফ (ডানে) এবং মরিয়ম ছবিটি ২০১৩ সালের ৫ মে তোলা হয়েছে
    কুলসুম শরীফ (ডানে) এবং মরিয়ম ছবিটি ২০১৩ সালের ৫ মে তোলা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাঁর স্ত্রী কুলসুম শরীফ। গতকাল রোববার লাহোরে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পানামা পেপারস কেলেঙ্কারিকে কেন্দ্র করে পাক সুপ্রিম কোর্টের নির্দেশে নওয়াজ শরীফ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হলে শূন্য হয় জাতীয় পরিষদে তার আসনটিও ।

বেসরকারি ফলাফলে জানানো হয়েছে, ক্ষমতাসীন  পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রার্থী কুলসুম উপনির্বাচনে ৫৩.৫ শতাংশ ভোট পেয়েছেন। অবশ্য ২০১৩ সালের সাধারণ নির্বাচনে পিএমএল-এন ৬১ শতাংশ ভোট পেয়েছিল।

কুলসুম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিকে ইসসাফ বা পিটিআই প্রার্থী ইয়াসমিন রাশিদের চেয়ে ১২ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। নির্বাচনে কুলসুম মোট ৬১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন।

লন্ডনে ক্যান্সার চিকিৎসা চলায় নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিতে পারেননি কুলসুম। নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিয়েছেন তার মেয়ে মরিয়ম। তিনি বলেন, এটি কোনো সাধারণ বিজয় নয়। মাঠে যারা সক্রিয় তাদেরই কেবল জনগণ ভোট দিয়ে পরাজিত করেনি বরং পর্দার আড়ালে সক্রিয় অদৃশ্য ব্যক্তিদেরও পরাজিত করা হয়েছে বলে জানান তিনি। তিনি পরোক্ষ ভাবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী শরীফ পরিবারের বিরোধিতা করছে বলে অভিযোগ রয়েছে।

গুরুত্বপূর্ণ এ নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত বিশ্লেষকরা বলেছেন, দেশটিতে ২০১৮ সালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে একে শরীফ পরিবারের প্রতি সমর্থনের মাপকাঠি হিসেবে দেখা হচ্ছিল।

পার্সটুডে/মূসা রেজা/১৮