ভারত সন্ত্রাসবাদের জন্মদাত্রী, কাশ্মিরে গণভোট হওয়া উচিত: পাকিস্তানি দূত
https://parstoday.ir/bn/news/world-i46457-ভারত_সন্ত্রাসবাদের_জন্মদাত্রী_কাশ্মিরে_গণভোট_হওয়া_উচিত_পাকিস্তানি_দূত
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ভারতকে 'সন্ত্রাসবাদের জন্মদাত্রী' হিসেবে অভিহিত করেন। পাকিস্তানের কয়েকটি অংশে নয়াদিল্লি 'সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে' বলেও দাবি করেন তিনি।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি
    জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ভারতকে 'সন্ত্রাসবাদের জন্মদাত্রী' হিসেবে অভিহিত করেন। পাকিস্তানের কয়েকটি অংশে নয়াদিল্লি 'সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে' বলেও দাবি করেন তিনি।

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যের জবাবে মালিহা লোধি এসব কথা বলেন। তিনি কাশ্মিরকে 'বিতর্কিত এলাকা' অভিহিত করে তা ভারতের অংশ বলে মানতে অস্বীকার করেন।

মালিহা লোধি অভিযোগ করেন, ভারত সরকার কাশ্মিরিদের ওপরে নিপীড়ন চালাচ্ছে এবং নিরীহ মানুষের ওপরে পেলেটগানের গুলি বর্ষণ করছে। পাক দূত কাশ্মিরে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে সেখানে গণভোট হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

গত বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ভারতীয় সেনাকে পেলেট গান ব্যবহার বন্ধ করতে বলতে জাতিসংঘের উদ্দেশ্যে আহ্বান জানান।

গতকাল (শনিবার) জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, 'আমরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়ছি, পাকিস্তান আমাদের বিরুদ্ধে লড়ছে।' তার ভাষণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘জাতিসংঘে অতুলনীয় ভাষণ দিয়েছেন সুষমা স্বরাজ! বিশ্ব মঞ্চে সুষমা ভারতকে গৌরবান্বিত করেছেন।’

জাতিসংঘে সুষমা বলেন, ‘ভারতের পরিচয় এখন তথ্য প্রযুক্তি শিল্পে প্রথম শ্রেণির দেশ হিসেবে। পাক রাজনীতিকদের ভাবা উচিত তাদের দেশ কেন সন্ত্রাস ছড়ানোর কারখানা হিসেবে পরিচিত।’ #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪