পাকিস্তান ভূখণ্ডে সামরিক অভিযানের অনুমতি পাবে না আমেরিকা
পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কেবল পাকিস্তানি সেনাবাহিনীই নিজ দেশে অভিযান পরিচালনা করবে। পাকিস্তানের বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক এক্সপ্রেস। পত্রিকাটি লিখেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে পাকিস্তান স্পষ্টভাবে নিজের এ সংক্রান্ত অবস্থানের কথা জানিয়ে দেবে।
পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হবে, নয়া নীতি-কৌশল অনুযায়ী বিশ্বের কোনো দেশই পাকিস্তানে সামরিক অভিযান পরিচালনার অনুমতি পাবে না।
আগামীকাল (মঙ্গলবার) পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। টিলারসনের সফরের আগের দিন পত্রিকাটি এ খবর প্রকাশ করেছে।
আমেরিকা এ পর্যন্ত বহুবার পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করেছে এবং পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী আফগানিস্তানে হামলা চালিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করে বলেছে, ইসলামাবাদ সন্ত্রাসী ঘাঁটিগুলোকে ধ্বংস না করলে অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের এ ঘোষণার পর পাকিস্তান নিজের সামরিক নীতি-কৌশলে পরিবর্তন এনেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩