রোহিঙ্গাদের ওপর সহিংসতার সমালোচনা করলেন বাংলাদেশের প্রেসিডেন্ট
বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হামিদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর সহিংস আচরণের সমালোচনা করেছেন। তিনি বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সফররত ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে এই সমালোচনা করেন।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ পোপকে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা অত্যন্ত নৃশংসভাবে হাজার হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে এবং হাজার হাজার রোহিঙ্গা নারীর ওপর বলাৎকার চালিয়েছে। সেইসঙ্গে তাদের বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী যাতে নির্বিঘ্নে তাদের ভিটেমাটিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি আন্তর্জাতিক সমাজের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযান সম্পর্কে পোপ ফ্রান্সিস কোনো কথা বলেননি বলে জানা গেছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসরমানদের ওপর দেশটির সেনাবাহিনী ভয়াবহ গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতিবেদন প্রকাশ করার পর পোপ ফ্রান্সিস মিয়ানমার ও বাংলাদেশ সফরে গেলেন।
তিনি বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছার আগে মিয়ানমার সফর করেন এবং দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামীকাল শনিবার তার রোমের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১