বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবেন না: গুয়েতেমালাকে কাতার
https://parstoday.ir/bn/news/world-i50459-বায়তুল_মুকাদ্দাসে_দূতাবাস_স্থানান্তর_করবেন_না_গুয়েতেমালাকে_কাতার
বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য গুয়েতেমালার প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুয়েতেমালাকে উদ্দেশ্য করে বলেছে, " আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা বেআইনি ও হুমকিপূর্ণ।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবেন না: গুয়েতেমালাকে কাতার

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য গুয়েতেমালার প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুয়েতেমালাকে উদ্দেশ্য করে বলেছে, " আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা বেআইনি ও হুমকিপূর্ণ।"

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, গুয়েতেমালা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিশ্ব জনমত এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করছে। বায়তুল মুকাদ্দাস সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের মাধ্যমে জাতিসংঘের ১২৮টি সদস্য দেশ ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে নিপীড়িত ও বঞ্চিত ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।  

এর আগে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস যে সিদ্ধান্ত নিয়েছেন তা বায়তুল মুকাদ্দাসের খ্রিষ্টানদের স্বার্থেরও পরিপন্থী। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবকেও লঙ্ঘন করা হচ্ছে। দেশটি খুবই লজ্জাজনক সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস  ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন সংলাপের পর দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, “আমি আপনাদেরকে জানাচ্ছি যে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”

গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৮টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার তিনদিন পর গুয়েতেমালা এ সিদ্ধান্ত ঘোষণা করে। ওই প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ নয়টি দেশ ভোট দেয়।

গুয়েতেমালা এই নয়টি দেশের মধ্যে ছিল এবং মধ্য আমেরিকার এ দেশটি প্রধানত মার্কিন অর্থ সাহায্যের ওপর ভর করে চলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে ভোট দেবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সাহায্য বাতিলসহ নানা ব্যবস্থা নেয়া হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭