ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ: মনোবল চাঙ্গা করতে বাড়ানো হলো সৌদি সেনাদের বেতন
ইয়েমেনে লড়াইরত সৌদি সেনাদের মাসে বাড়তি পাঁচ হাজার রিয়াল বা ১৩৩৩ ডলার সমপরিমাণ অর্থ দেয়া হবে বলে ঘোষণা করেছেন সৌদি আরব। দেশটি যখন গভীর আর্থিক সমস্যায় জর্জরিত তখন অনিচ্ছুক সৌদি সেনাদের ইয়েমেনের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়।
ইয়েমেনে লড়াইরত সৌদি সেনাদের ক্রম অবনতিশীল মনোবল চাঙ্গা করতে এমন পদক্ষেপ নিয়েছে রিয়াদ। দেশটিতে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি করার এবং বেশির পণ্য ও সেবার ওপর পাঁচ শতাংশ ভ্যাট বসানো মাত্র দু'সপ্তাহের মাথায় এ ঘোষণা দেন দেশটির রাজা সালমান। সৌদি সরকারি কর্মীদের বেতনের ক্ষতিপূরণ করার পদক্ষেপের অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়।
রিয়াদের প্রতি অনুগত ইয়েমেনের শাসকগোষ্ঠীকে ক্ষমতায় বসানো অভিলাষ নিয়ে ২০১৫ সালে ২৬ মার্চ ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসন শুরু করে সৌদি আরব। শুরুতে রিয়াদ ভেবেছিল যে কয়েক সপ্তাহের মধ্যেই ইয়েমেনে তাদের লক্ষ্য অর্জিত হয়ে যাবে। কিন্তু 'চূড়ান্ত ঝড়' নামের সৌদি আগ্রাসনকে ঠেকিয়ে দেয় ইয়েমেনে। তিন বছরের বেশি সময় ধরে চলমান সৌদি জোটের আগ্রাসনে ১৩ হাজার ৬০০এর বেশি ইয়েমেনি নিহত হলেও এখন রিয়াদ তার অভিলাষ বাস্তবায়ন করতে পারেনি।
উন্নত মারণাস্ত্রধারী সৌদি জোটকে প্রতিহত করছে ইয়েমেনের মানুষ। যাদের হাতে রয়েছে সীমিত পরিমাণে অস্ত্র। তাতেই আতংকিত হয়ে পড়েছে সৌদি জোটের সেনারা। সৌদি জোটকে সহায়তাদানকারী দেশগুলোর অন্যতম আমেরিকা। আমেরিকার কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইয়েমেনি সেনাদের গুলিকে প্রচণ্ড ভয় করছে অকর্মণ্য সৌদি পাইলটরা। এ থেকে রক্ষা পেতে তাদের বিমানকে অনেক উপর দিয়ে নিয়ে যায় তারা।#
পার্সটুডে/মূসা রেজা/৬