রোহিঙ্গাদের জন্য তৈরি ক্যাম্পগুলো দেখতে চায় জাতিসংঘ; নিরাপত্তা নিয়ে শঙ্কা
-
কাঁটা তারে ঘেরা শরণার্থী ক্যাম্পের একাংশ
রোহিঙ্গাদের জন্য তৈরি ক্যাম্পগুলো পরিদর্শনের সুযোগ দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এসব ক্যাম্প বসবাসের উপযোগী কিনা তা খতিয়ে দেখতে চায় তারা। কারণ এরইমধ্যে অভিযোগ উঠেছে, মিয়ানমার কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিয়ে বসবাসের অনুপযোগী ক্যাম্পগুলোতে বন্দি করে ফেলতে চাইছে। এ অবস্থায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছে তা পুনরায় ভেবে দেখা দরকার।
রোহিঙ্গারা ফিরে গিয়ে যাতে নিরাপদ থাকতে পারে, সেজন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে বাধাহীনভাবে কাজ করার অনুমতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি মিয়ানমারের মংডুর বাইরে একটি ক্যাম্পে কয়েকজন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিকরা ওই ক্যাম্প দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। ক্যাম্পের চারদিক কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। অবাধে চলাচলের কোনো সুযোগ তাদের থাকছে না। এর মধ্যদিয়ে রোহিঙ্গাদের বন্দি জীবন বরণ করতে বাধ্য করা হচ্ছে বলে তাদের ধারণা।
রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, প্রত্যাবাসনের বিষয়টি সফল ও টেকসই করতে কয়েকটি বিষয়ের দিকে ভালোভাবে নজর দিতে হবে৷ কিন্তু আমরা এখনও সেসব বিষয়ে কিছু শুনিনি৷''
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু বাংলাদেশ জানিয়েছে, পুরো প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এখনই প্রত্যাবর্তন শুরু করা যাচ্ছে না৷#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪