পুতিন সম্পর্কে মিথ্যা বলে পদত্যাগে বাধ্য হলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i52973-পুতিন_সম্পর্কে_মিথ্যা_বলে_পদত্যাগে_বাধ্য_হলেন_ডাচ_পররাষ্ট্রমন্ত্রী
হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলার কথা স্বীকার করার পর পদত্যাগ করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ০৭:০৯ Asia/Dhaka
  • হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা
    হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা

হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলার কথা স্বীকার করার পর পদত্যাগ করেছেন।

তিনি মঙ্গলবার ডাচ পার্লামেন্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। মিথ্যা বলার কথা স্বীকার করে জিলেস্ত্রা বলেন, “আমার কর্মজীবনে আমি এতবড় ভুল আর একটিও করিনি।”

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের মন্ত্রিসভা থেকে এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। গত অক্টোবরে চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রুত্তে। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী রুত্তে পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জিলেস্ত্রা এর আগে দাবি করেছিলেন, ২০০৬ সালে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এমন একটি বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেন, বেলারুশ ও ইউক্রেনসহ বাল্টিক সাগর তীরবর্তী আরো কয়েকটি দেশ ‘বৃহত্তর রাশিয়া’র অংশ।

প্রেসিডেন্ট পুতিন

তিনি ওই দাবি করার পর আমস্টার্ডামস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে ঘোষণা করে, হল্যান্ডের কোনো কোনো মহল ‘ভুয়া খবর’ প্রচার করে রাশিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত রুশ সরকারের তীব্র চাপের মুখে সত্য ঘটনা স্বীকার করতে বাধ্য হন জিলেস্ত্রা।

এরপর গত সোমবার তিনি স্বীকার করেন, পুতিনের সঙ্গে যে বৈঠকের কথা তিনি বলেছেন সেটিতে তিনি নিজে উপস্থিত ছিলেন না বরং ওই বৈঠকে উপস্থিত এক ব্যক্তির কাছ থেকে তিনি কথাগুলো শুনেছিলেন।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় পদত্যাগ করলেন যখন আজ (বুধবার) মস্কো সফরে গিয়ে তার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। প্রধানমন্ত্রী রুত্তে এখনো জিলেস্ত্রার স্থলাভিষিক্তের নাম ঘোষণা করেননি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪