সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের ইরান বিরোধী বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/world-i54668-সৌদি_যুবরাজের_সঙ্গে_সাক্ষাতে_ট্রাম্পের_ইরান_বিরোধী_বাগাড়ম্বর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তার ইরান বিরোধী পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২১, ২০১৮ ০৩:৩৫ Asia/Dhaka
  • সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের ইরান বিরোধী বাগাড়ম্বর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তার ইরান বিরোধী পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন।

মঙ্গলবারের ওই সাক্ষাতে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন সমস্যায় ইরান উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেন।

একইসঙ্গে তিনি সৌদি আরবের সঙ্গে তার দেশের সমরাস্ত্র বিক্রির বিশাল চুক্তিগুলোর কথা উল্লেখ করে বলেন, মার্কিন সরকার সৌদি আরবের কাছে আরো বেশি অস্ত্র বিক্রি করতে আগ্রহী।

ট্রাম্প এমন সময় ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগের পুনরাবৃত্তি করলেন যখন সিরিয়া ও ইরাক সরকারের আহ্বানে সাড়া দিয়ে ওই দুই দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধে পরামর্শকের দায়িত্ব পালন করছে তেহরান।

মোহাম্মাদ বিন সালমান মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে নিজের দু’সপ্তাহব্যাপী সফর আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তিনি ২০১৭ সালের ২১ জুন সৌদি যুবরাজের দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।

মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে সৌদি আরব।  ইয়েমেনের নিরীহ জনগণের ওপর যখন সৌদি আরব গত তিন বছর ধরে নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১