পরমাণু সমঝোতা: ট্রাম্পের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করলেন গুতেরেস
https://parstoday.ir/bn/news/world-i56998-পরমাণু_সমঝোতা_ট্রাম্পের_সিদ্ধান্তে_গভীর_উদ্বেগ_প্রকাশ_করলেন_গুতেরেস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ সমঝোতা মেনে চলার জন্য অবশিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৮ ০১:৪৫ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ সমঝোতা মেনে চলার জন্য অবশিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে ট্রাম্পের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে গুতেরেস বলেন, ইরানের পরমাণু সমঝোতা আন্তর্জাতিক সমাজের একটি বড় অর্জন যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়তা করেছে।

এদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সদস্য গ্রে সিক ইরানের পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণাকে ‘ঐতিহাসিক ভুল’ উল্লেখ করে বলেছেন, এ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প আমেরিকাকে ইউরোপীয় ইউনিয়নসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য পক্ষের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন।

গ্রে সিক

মার্কিন প্রেসিডেন্ট ২০১৫ সালের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকাকে পাঁচ বছর আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন গ্রে সিক।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রাতে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফা বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আমেরিকাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেন, তার দেশ আপাতত এ সমঝোতা মেনে চলবে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

২০১৫ সালে স্বাক্ষরিত ওই পরমাণু সমঝোতায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে দেশটির ওপর থেকে পরমাণু তৎপরতাকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল আন্তর্জাতিক সমাজ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯