মার্কিন বিদ্যুৎ গ্রিডে নজর রুশ হ্যাকারদের
-
আমেরিকার একটি বিদ্যুত গ্রিড
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হ্যাকাররা আমেরিকার নির্বাচনী ব্যবস্থা থেকে বিদ্যুৎ গ্রিডের দিকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে গতকাল (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এসব হ্যাকার রুশ সরকারের মদদপুষ্ট বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে আমেরিকার রাজনীতিতে তোলপাড় চলছে তবে রাশিয়া এসব অভিযোগ নাকচ করে আসছে। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। চলতি মাসে রাশিয়ার ১২ জন সামরিক কর্মকর্তাকে এজন্য অভিযুক্ত করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা ও আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, রুশ হ্যাকাররা আমেরিকার বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে ভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, রুশ সামরিক গোয়েন্দারা আমেরিকার বিদ্যুৎ প্ল্যান্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯