মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহ টিকবে না: ট্রাম্প
-
ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। মিসিসিপিতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, " আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। আপনারা বলতে পারেন তারা ধনী। আমিও রাজা সালমানকে ভালোবাসি। কিন্তু আমি রাজাকে বলে দিয়েছি যে, আপনাকে আমরা সুরক্ষা দিচ্ছি। এর মূল্য আপনাকে দিতে হবে।"
সৌদি আরবের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের স্বার্থে কথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ট্রাম্প। এ ক্ষেত্রে সৌদি আরব ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারেও সৌদি আরব ইস্যুতে সরব ছিলেন ট্রাম্প। ২০১৬ সালে উইকনসিস রাজ্যে এক নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। কেউ তাদের সঙ্গে বিবাদে জড়াতে আসে না। কারণ আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি। রিয়াদ এর বিনিময়ে উপযুক্ত মূল্য পরিশোধ করছে না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
২০১৫ সালে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, প্রাথমিকভাবে তেলের কারণেই আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক রেখেছি। এখন আমাদের তেলের এতো প্রয়োজন নেই।
২০১৮ সালের এপ্রিলে হোয়াইট হাউসে একাধিক সংবাদ সম্মেলনে সৌদি ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব যদি সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করতে হবে।
সৌদি আরব ট্রাম্পের গতকালের বক্তব্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করে নি। ক্ষমতায় টিকে থাকার জন্য সৌদি রাজপরিবার নিয়মিত আমেরিকাকে নানা ধরণের সুযোগ-সুবিধা দেয় বলে এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩