ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য জোরদার করেছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i6829-ভারতের_গোয়েন্দা_সংস্থা_র’_এর_বিরুদ্ধে_বক্তব্য_জোরদার_করেছে_পাকিস্তান
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য দেয়া অব্যাহত রেখেছে পাকিস্তান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘র’এর সদর দফতরে বিশেষ সেল খোলা হয়েছে বলে এবারে দাবি করেছেন পাক প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত জেনারেল আলম খাট্টাক।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৪, ২০১৬ ০৪:৪২ Asia/Dhaka
  • ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য জোরদার করেছে পাকিস্তান

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর বিরুদ্ধে বক্তব্য দেয়া অব্যাহত রেখেছে পাকিস্তান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘র’এর সদর দফতরে বিশেষ সেল খোলা হয়েছে বলে এবারে দাবি করেছেন পাক প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত জেনারেল আলম খাট্টাক।

‘র’এর এ তৎপরতায় আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএস জড়িত হয়েছে বলেও দাবি করেন তিনি। পাক সিনেটের প্রতিরক্ষা কমিটিকে ব্রিফিং করার সময় এমন দাবি করেন তিনি। পাক প্রতিরক্ষা বিভাগের পদস্থ কর্মকর্তারা এ সময়ে তার সাথে ছিলেন।

তিনি দাবি করেন, সিপিইসি’তে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা আফগানিস্তানের মাধ্যমে বাস্তবায়িত করার পরিকল্পনা করা হয়েছে। আফগানিস্তানের জালালাবাদ, কান্দাহার এবং মাজারে শরিফের ভারতীয় কনস্যুলেট পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে। এ সব স্থান থেকে ‘র’ এবং এনডিএস একযোগে গোপন তৎপরতা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার দাবি অনুযায়ী, পাকিস্তান বিরোধী তৎপরতায় সমন্বয় করার জন্য কাবুলের এনডিএস সদর দফতরেও সেল বসিয়েছে ‘র।’ অবশ্য ‘র’এর কথিত গুপ্তচর কুলভোসান যাদবকে আটকের মধ্য দিয়ে বেলুচিস্তানে ‘র’এর তৎপরতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।#

মূসা রেজা/১৪