মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, ৫ বাংলাদেশিসহ নিহত ১১
মালয়েশিয়ায় কারখানার শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।
মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রোববার রাতে জালান এস৮ পিকিলিং এলাকায় সড়কের পাশে মুনসুন ড্রেইনে বাসটি পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন- মো. রাজিব মুন্সি (২৬), মো. সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫) ও গোলাম মোস্তফা (২২)।
দুর্ঘটনায় আহত বাংলাদেশিরা হলেন- মো. নাজমুল হক (২১), মো, রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসেন (২১), জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনুস (২৭)ও মো. রকিব (২৬)। আহতদের কাজাখ, সারদাং এবং পুত্রজায়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সেপাং পুলিশ প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ বলেন, এমএএস কারগো কারাখানার কর্মীসহ বাসটিতে ৪৩জন যাত্রী ছিল। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি ঘটনাস্থলে সড়কের পাশের খাদে একটি ড্রেনে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ৯ জন। আহত আরও দুজন হাসপাতালে মারা যায়। ফায়ার ও উদ্ধারকারী দলের সদস্যরা বাসটির বিভিন্ন অংশ কেটে হতাহতদের উদ্ধার করেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/৮