মুশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনতে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে
https://parstoday.ir/bn/news/world-i7063-মুশাররফকে_পাকিস্তানে_ফিরিয়ে_আনতে_রেড_ওয়ারেন্ট’_জারি_হতে_পারে
পাকিস্তান সরকার বিদেশে অবস্থানরত দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি করার আভাস দিয়েছে। পাকিস্তানে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জবানবন্দি নেয়ার জন্য তার বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো আজ(রোববার) খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৭, ২০১৬ ০৮:২৪ Asia/Dhaka
  • মুশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনতে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে

পাকিস্তান সরকার বিদেশে অবস্থানরত দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি করার আভাস দিয়েছে। পাকিস্তানে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জবানবন্দি নেয়ার জন্য তার বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো আজ(রোববার) খবর দিয়েছে।

পাকিস্তানের বিশেষ আদালতের নির্দেশে সরকারি প্রধান কৌসুলি আকরাম শেখ গতকাল আদালতে একটি বিবৃতি পেশ করেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালতে মুশাররফের উপস্থিতি নিশ্চিত করার জন্য রেড ওয়ারেন্ট জারির আভাস এতে দেয়া হয়েছে।

অবশ্য বিকল্প ব্যবস্থা হিসেবে স্কাইপ বা অন্য কোনো ভিডিও লিংকের মাধ্যমে জবানবন্দি নেয়ার কথাও বিবৃতিতে বলা হয়। সমন থাকা সত্ত্বেও মুশাররফকে কেন পাকিস্তান ত্যাগ করতে দেয়া হলো জানতে চেয়েছেন পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি মাজহার আলম খান মিয়ানখেলের নেতৃত্বাধীন তিন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ আদালত। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেয়ার নির্দেশও তিনি দিয়েছেন।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মুশাররফের বিরুদ্ধে আরোপিত বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে বিদেশে উন্নত চিকিৎসার নামে ১৮ মার্চ পাকিস্তান থেকে দুবাই যান পারভেজ মুশাররফ। দেশ ছাড়ার আগে জেনারেল মুশাররফ ডন-কে বলেছেন, “আমি একজন যোদ্ধা এবং আমি দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই আবার দেশে ফিরে আসব।” নিজের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় লড়বেন বলেও অঙ্গীকার করেন তিনি।

এ দিকে, মুশাররফের দেশত্যাগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা চুক্তির আওতায় সরকার তুলে নিয়েছে বলে ২০ মার্চ দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রাজা কাসুরি। পাকিস্তানের বাইরে এ চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি। কাসুরি বলেন, ১৭ মার্চ পাকিস্তান ছাড়ার আগে ফোনে এ চুক্তি নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন জেনারেল মুশাররফ। উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানান তিনি।#

মূসা রেজা/১৭