অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের লজ্জাজনক পরাজয়
https://parstoday.ir/bn/news/world-i71601-অস্ট্রেলিয়ার_কাছে_নিউজিল্যান্ডের_লজ্জাজনক_পরাজয়
মিচেল স্টার্ক ও  জেসন বেরেনডর্ফের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১১ পয়েন্ট তৃতীয় স্থানে রয়ে গেছে নিউজিল্যান্ড।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৯, ২০১৯ ২২:১৮ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের লজ্জাজনক পরাজয়

মিচেল স্টার্ক ও  জেসন বেরেনডর্ফের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১১ পয়েন্ট তৃতীয় স্থানে রয়ে গেছে নিউজিল্যান্ড।

শনিবার লন্ডনের লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে অ্যারন ফিঞ্চের দল। ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় ৪৩ ওভার ৪ বলে ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ হয়নি কিউইদের। ওপেনিং জুটিতে আসে ২৯ রান। এরপর দ্রুত দুই ওপেনার আউট হলেও অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলরের জুটিতে এক সময় তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৭ রান। কিন্তু এ জুটি ভাঙতেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪ বল বাকী থাকতেই ১৫৭ রানে গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। টেইলরের ব্যাট থেকে আসে ৩০ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ২৬ রানের খরচায় ৫টি উইকেট নেন স্টার্ক। এছাড়া ২টি উইকেট পেয়েছেন জেসন বেহরেনডর্ফ।

স্টার্ক ২৬ রানে ৫টি উইকেট নেন

এর  আগে টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। অজিরা শুরু করে প্রথম দুই ওভার মেডেন খেলে। দ্বিতীয় ওভারেই উইকেট হারাতে পারতো তারা। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে শর্ট কাভারে মার্টিন গাপটিলকে ক্যাচ দিয়ে বেঁচে যান অ্যারন ফিঞ্চ। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক। বোল্টের দারুণ এক ডেলিভারিতে ফিরেন এলবিডব্লিউ হয়ে। সেই ওভারেই শূন্য রানে আউট হতে পারতেন উসমান খাওয়াজা। দ্বিতীয় স্লিপে তার ক্যাচ মুঠোয় জমাতে পারেননি গাপটিল। দশম ওভারে আক্রমণে এসে প্রথম বলে দারুণ এক বাউন্সারে ডেভিড ওয়ার্নারকে বিদায় করেন লকি ফার্গুসন। তার পরের ওভারে লেগ গালিতে স্টিভেন স্মিথের দারুণ এক ক্যাচ নেন গাপটিল। খাওয়াজার সঙ্গে কেবল জমে উঠেছিল মার্কাস স্টয়নিসের জুটি; তখনই আঘাত হানেন জিমি নিশাম। স্টয়নিসকে কট বিহাইন্ড করে পরের ওভারে ফিরতি ক্যাচ নিয়ে থামান গ্লেন ম্যাক্সওয়েলকে।

৯২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার অবস্থা হতে পারতো আরও খারাপ। নিশামের বলে ৩৫ রানে খাওয়াজার ক্যাচ ছাড়েন টম ল্যাথাম। ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেন অ্যালেক্স ক্যারি। খাওয়াজাকে নিয়ে এগিয়ে নেন দলকে।

শটের পসরা সাজিয়ে বসা কেয়ারিকে থামান অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার কিপার ব্যাটসম্যান ৭২ বলে ১১ চারে করেন ৭১ রান। ভাঙে ১০৭ রানের জুটি।

৬৩ রানে আবার ল্যাথামের হাতে জীবন পাওয়া খাওয়াজা প্যাট কামিন্সকে নিয়ে দলকে নিয়ে যান আড়াইশ রানের কাছে। ৫০তম ওভারে পরপর তিন বলে খাওয়াজা, মিচেল স্টার্ক ও জেসন বেরেনডর্ফকে বিদায় করেন বোল্ট। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। ৫১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

তিনবার জীবন পাওয়া খাওয়াজা ১২৯ বলে পাঁচ চারে করেন ৮৮ রান। ২৩ রানে অপরাজিত থাকেন কামিন্স।

৭২ বলে ৭১ রানের কার্যকরী এক ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অ্যালেক্স ক্যারি।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০