পাকিস্তানে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/world-i72028-পাকিস্তানে_জামাত_উদ_দাওয়ার_প্রধান_হাফিজ_সাঈদ_গ্রেপ্তার
পাকিস্তানের জামাত-উদ-দাওয়া বা জেইউডি’র প্রধান হাফিজ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালা শহরে যাওয়ার পথে তিনি গ্রেপ্তার হন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৭, ২০১৯ ১৪:৩৮ Asia/Dhaka
  • হাফিজ সাঈদ
    হাফিজ সাঈদ

পাকিস্তানের জামাত-উদ-দাওয়া বা জেইউডি’র প্রধান হাফিজ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালা শহরে যাওয়ার পথে তিনি গ্রেপ্তার হন।

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা রাস্তা থেকেই তাকে আটক করে বলে জামাত-উদ-দাওয়ার (জেইউডি) এক মুখপাত্র জানিয়েছেন। পাঞ্জাবের সন্ত্রাসবিরোধী বিভাগও এ খবর নিশ্চিত করেছে।

ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পরিষ্কার না হলেও সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনো কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে,এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। গ্রেপ্তারের পর সাঈদকে বিচার বিভাগের হেফাজতে পাঠানো হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যম খবর দিয়েছে।

ভারত হাফিজ সাঈদকে ২০০৮ সালে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলার জন্য দায়ী করে থাকে। হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

কিছু দিন আগেও হাফিজ সাঈদ পাকিস্তানে গৃহবন্দী ছিলেন, কিন্তু পরে লাহোর আদালতের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।