অস্ট্রেলিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে না: প্রধানন্ত্রী মরিসন
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অস্ট্রেলিয়ায় কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
আজ (সোমবার) প্রধানমন্ত্রী মরিসন বলেন, তার দেশ আমেরিকার মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আমেরিকা-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে সিডনি ত্যাগ করার কয়েক ঘণ্টা পর তিনি এসব মন্তব্য করেন।
যৌথ বিবৃতির মধ্য দিয়ে আলোচনা শেষ হয়েছে যেখানে দু্ই পক্ষই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির বিরুদ্ধে শক্ত ফ্রন্ট গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। এসপারের বক্তব্যের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, চীন যখন নিজের স্বার্থে এ অঞ্চলের পুনর্বিন্যাস করার চেষ্টা করছে তখন আমেরিকা অলস বসে থাকবে না।
আমেরিকা শীতল যুদ্ধের সময় মস্কোর সঙ্গে স্বাক্ষরিত আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর গত শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছিলেন, এশিয়া মহাদেশে মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পক্ষে তার সমর্থন রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।