বিতর্কিত দ্বীপে সামরিক বিমান পাঠালো চীন
দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপে সামরিক বিমান পাঠিয়েছে বেইজিং। ওই দ্বীপে নির্মাণ কাজ করার সময় আহত কয়েকজন শ্রমিককে সরিয়ে আনার জন্য এ বিমান পাঠানো হয়েছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রোববার যখন বিমানটিকে ফেয়ারি ক্রস রিফ দ্বীপে যাওয়ার নির্দেশ দেয়া হয় তখন বিমানটি টহলে ছিল। বিমানটি সেখান থেকে আহত তিন শ্রমিককে নিয়ে চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলীয় হেইনান প্রদেশে গেছে।
বলা হচ্ছে- ফেয়ারি ক্রস রিফ দ্বীপকে মানুষের তৈরি দ্বীপে পরিণত করেছে চীন। এ দ্বীপে বিমানবন্দরের রানওয়ে তৈরির কাজ শেষ হওয়ার পর গত জানুয়ারিতে তিন দফা বাণিজ্যিক বিমান যায় সেখানে। দ্বীপটি ভিয়েতনামের কাছে অবস্থিত।
সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং দক্ষিণ চীণ সাগরে রাডার ব্যবস্থাসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছে। চীনের এসব তৎপরতা আঞ্চলিক পার্যায়ে সমালোচনার তৈরি করেছে। এছাড়া, আমেরিকা চীন-বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে। এ নিয়ে আমেরিকা ও দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় আঞ্চলিক ইস্যুতে না জড়াতে আমেরিকাকে পরামর্শ দিয়েছে চীন।#
সিরাজুল ইসলাম/১৯