পারভেজ মুশাররফে বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
https://parstoday.ir/bn/news/world-i7288-পারভেজ_মুশাররফে_বিরুদ্ধে_জামিন_অযোগ্য_গ্রেফতারি_পরোয়ানা_জারি
পাকিস্তানের বিশেষ আদালত দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বারবার সমন জারি করা সত্ত্বেও আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় গতকাল এ পরোয়ানা জারি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় সশরীরে উপস্থিত হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য মুশাররফের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল ইসলামাবাদের আদালত তাও খারিজ করে দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২০, ২০১৬ ০৭:৪২ Asia/Dhaka
  • পারভেজ মুশাররফে বিরুদ্ধে  জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের বিশেষ আদালত দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বারবার সমন জারি করা সত্ত্বেও আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় গতকাল এ পরোয়ানা জারি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় সশরীরে উপস্থিত হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য মুশাররফের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল ইসলামাবাদের আদালত তাও খারিজ করে দিয়েছে।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ’এর মহাপরিচালকের মাধ্যমে এ পরোয়ানা বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে। পারভেজ মুশাররফকে গ্রেফতার করতে ব্যর্থ হলে তা আগামী মাসের ১১ তারিখে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত। মুশাররফকে গ্রেফতারের চেষ্টায় তল্লাসি চালানোর বিষয়টি সে সময় আদালতে নিশ্চিত করতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়।

এর আগে পাক সংবাদ মাধ্যমের খবরে বিদেশে অবস্থানরত মুশাররফের বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি করার আভাস দেয়া হয়। পাকিস্তানে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় জবানবন্দি নেয়ার জন্য তার বিরুদ্ধে ‘রেড ওয়ারেন্ট’ জারি হতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মুশাররফের বিরুদ্ধে আরোপিত বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে বিদেশে উন্নত চিকিৎসার নামে ১৮ মার্চ পাকিস্তান থেকে দুবাই যান পারভেজ মুশাররফ। এ দিকে, মুশাররফের দেশত্যাগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা একটি চুক্তির আওতায় সরকার তুলে নিয়েছে বলে ২০ মার্চ দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রাজা কাসুরি।#

মূসা রেজা/২০