ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে যৌথভাবে টিভি চ্যানেল খুলবে ৩ দেশ
বিশ্বব্যাপী বিশেষকরে পাশ্চাত্যে ইসলাম-ফোবিয়া বা ইসলামভীতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ এ সিদ্ধান্ত নেন।
তিন নেতা ইসলামভীতি বা ইসলামাতঙ্ক এবং এ কারণে সৃষ্ট সমস্যা মোকাবেলায় একটি টিভি চ্যানেল চালুরও উদ্যোগ নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কয়েকটি টুইটে এসব তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আমি আজ মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা তিন দেশ সম্মিলিতভাবে একটি ইংরেজি টিভি চ্যানেল চালু করব যা ‘ইসলাম-ফোবিয়া’র কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে এবং আমাদের মহান ধর্ম ইসলামকে সঠিকভাবে তুলে ধরবে।’
প্রস্তাবিত চ্যানেলটির সম্ভাব্য তৎপরতা প্রসঙ্গে ইমরান খান বলেন, যেসব বিষয় ভুলভাবে বুঝার কারণে লোকজন মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে। মিডিয়া জগতে মুসলমানদের যথাযথ উপস্থিতি থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুসলিম ইতিহাসের ওপর ভিত্তি করে সিরিজ ও সিনেমা তৈরি করে মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।