‘নওয়াজের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি রুপি, ইমরান খানের ১০২ কোটি’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি রুপি এবং দেশটির অন্যতম প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’এর প্রধান সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ১০২.৬০ কোটি রুপি। এ ছাড়া, ব্যাংকে ইমরানের সাড়ে চার কোটি রুপি রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি দেশটির সংসদীয় নেতাদের সম্পত্তি সংক্রান্ত এ বিবরণ প্রকাশ করেছে।
অবশ্য, গত সপ্তাহে ইসিপি’র ওয়েবসাইট থেকে সম্পত্তির বিস্তারিত বিবরণ সরিয়ে নেয়া হয়েছিল। সে সময়ে বলা হয়েছিল, আইনি দিক থেকে এ বিবরণের আর কোনো প্রয়োজন নেই। পাকিস্তানের আইন অনুযায়ী, নির্বাচিত সব সংসদ সদস্যকে নিজেদের এবং স্ত্রী বা স্বামী এবং সন্তানদের সম্পত্তির হিসাব বাধ্যতামূলক ভাবে ঘোষণা করতে হয়।
প্রকাশিত বিবরণে বলা হয়েছে, বিদেশে নওয়াজ শরীফের কোনো সম্পত্তি নেই। অবশ্য ছেলে হোসেইন নওয়াজ বিদেশ থেকে নওয়াজ শরীফকে দুই কোটি ১৬ লাখ রুপি পাঠিয়েছেন। নওয়াজের মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাফদারের সম্পদের পরিমাণ এক কোটি রুপি বলে এতে উল্লেখ করা হয়।
সাবেক স্ত্রী রেহাম খানের ব্যাংক হিসাবে ৫২ লাখ রুপি রয়েছে বলে জানিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। এ ছাড়া, ইমরান খানের দু’টি গাভী এবং একটি মহিষের মোট মূল্য তিন লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান নিজ কৃষি সম্পত্তির মূল্য ঘোষণা করেন নি তবে ব্যাংকে নগদ ২৮ লাখ রুপি আছে বলে জানিয়েছেন। পাকিস্তান সংসদের বিরোধী দলের নেতা খুরশিদ শাহ’এর সম্পদের পরিমাণ চার কোটি রুপির বেশি বলে জানানো হয়েছে।
এ হিসেবে দেখা গেছে পাকিস্তানের স্বতন্ত্র সংসদ সদস্য জামশিদ দাস্তি সবচেয়ে গরিব এবং তার মোট সম্পদের পরিমাণ মাত্র দুই হাজার ছয়শ’ ৫৩ রুপি।#
মূসা রেজা/২২