পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে ‘একঘরে’ করতে প্রচেষ্টা চালাবে আফগানিস্তান
পাকিস্তানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ‘একঘরে’ করতে কূটনৈতিক অভিযান শুরুর পরিকল্পনা করছে আফগানিস্তান। আফগান প্রেসিডেন্টের এক মুখপাত্র এ কথা বলেছেন।
আফগানিস্তানে লড়াইরত গোষ্ঠীগুলোকে পাকিস্তান এখনো সমর্থন দিচ্ছে বলে দাবি করেন প্রেসিডেন্ট আশরাফ গনির উপ মুখপাত্র দাওয়া খান মিনপাল। চলতি মাসের ১৯ তারিখে কাবুলে তালেবান হামলা প্রতিক্রিয়া জানাতে যেয়ে এ মন্তব্য করেন তিনি। এ হামলায় ৬৪ ব্যক্তি নিহত হয়েছিল। আফগান মুখপাত্র আরো দাবি করেন, তার ভাষায়, পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ক কাবুলে হামলার পরিকল্পনা করেছিল।
পাকিস্তানের বিষয়ে আফগানিস্তানের নীতি পর্যালোচনা করা হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। তিনি দাবি করেন, তার ভাষায়, পাকিস্তান একটি ‘একঘরে’ রাষ্ট্র। পাকিস্তানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাবে ‘একঘরে’ করার জন্য কাবুল কুটনৈতিক তৎপরতা গ্রহণ করবে বলেও ঘোষণা করেন এ মুখপাত্র। তিনি বলেন, তার ভাষায়, কোথায় সন্ত্রাসীরা থাকে এবং কোন দেশের গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের সমর্থন দেয় তা বিশ্বের কাছে তুলে ধরবে আফগানিস্তান।#
মূসা রেজা/২৪