পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়: লাহোরে সর্বনিম্ন স্কোরের রেকর্ড বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/world-i76939-পাকিস্তানের_টি_টোয়েন্টি_সিরিজ_জয়_লাহোরে_সর্বনিম্ন_স্কোরের_রেকর্ড_বাংলাদেশের
বাংলাদেশকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের জয়ের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২৫, ২০২০ ১৫:১১ Asia/Dhaka
  • ম্যান অব দ্য ম্যাচ বাবর আজম
    ম্যান অব দ্য ম্যাচ বাবর আজম

বাংলাদেশকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের জয়ের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল।

আজ (শনিবার) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করা নাঈম এদিন ফেরেন গোল্ডেন ডাকে। শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ইনিংস মেরামত করতে পারেননি মেহেদী হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ায়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেননি তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটে শ্রীলংকার বিপক্ষে অভিষেক ম্যাচে ১১ রানে আউট হওয়া এ অলরাউন্ডার দুই বছর পর জাতীয় দলে ফিরে করেন ১২ বলে মাত্র ৯ রান।

৪.২ ওভারে দলীয় ২২ রানে মোহাম্মদ হাসনাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহেদী। তার আগে ১২ বলে একটি ছক্কায় ৯ রান করে ফেরেন তিনি।

হাসনাইনের করা ওই ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু সরফরাজের বদলে দলে জায়গা পাওয়া উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান কটবিহাইন্ড করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ক্যাচটি তিনি গ্লাভস বন্দি করতে পারেননি। ১৬ রানে লাইফ পান তামিম।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরতে পারেননি জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। ১৪ বলে মাত্র ৮ রান করে শাদাব খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ফেরেন তিনি। তার বিদায়ের মধ্য দিয়ে ৪১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

১৪.১ ওভারে দলীয় ৮৪ রানে মোহাম্মদ হাসনাইনের আবেদনে সারা দিয়ে তামিম ইকবালকে এলবিউব্লিউ আউট দেন আম্পায়ার। ৪৪ রানে ব্যাটিংয়ে থাকা তামিম রিভিউ নিয়ে সফল হন।

হাসনাইনের করা ওই ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা হারিস রউফের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফিফ হোসেন। তার আগে ২০ বলে এক চার ও সমান ছক্কায় ২১ রান করেন তিনি। তার বিদায়ে ১৪.৪ ওভারে ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া তামিম ৪৪তম বলে ফিফটি পূর্ণ করেন। ফিফটির পর হাত খুলে খেলার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। ১৭.৪ ওভারে দলীয় ১১৭ রানে রান আউট হয়ে ফেরেন তিনি। তার আগে করেন ৫৩ বলে ৬৫ রান।

ইনিংসের শেষ ওভারে হারিস রউফের করা প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। দলীয় ১২৬ রানে ১২ বলে ১২ রানে ফেরেন তিনি। এরপর আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান সৌম্য সরকার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা কোনো দলের এটাই ছিল সর্বনিম্ন স্কোর। আগের দিনের সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া একটি করে উইকেট নেন শাদাব খান শাহিন শাহ্‌ আফ্রিদি এবং হারিস রউফ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শফিউল ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আহসান আলী। দলীয় ৬ রানে আউট হওয়ার আগে রানের খাতা শূন্য রয়ে যায় আহসান আলীর। তবে এরপরেই অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে সঙ্গী করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ উভয়ই তুলে নেন অর্ধশতক। আর তাতেই জয়ের সুবাস পেতে শুরু করে স্বাগতিকরা। বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ দুইজনই তুলে নেন অর্ধশতক।

অধিনায়ক বাবরের ৬৬ এবং মোহাম্মদ হাফিজের ৬৭ রানে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। আর সেই সঙ্গে নিশ্চিত করে সিরিজ জয়ও। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতে ১-০'তে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। আর আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। ২৭ জানুয়ারি সিরিজের শেষ খেলায় জিততে না পারলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।