করোনাভাইরাসের আশঙ্কা: ইসরাইল-মার্কিন সামরিক মহড়া বাতিল
-
ইসরাইল ও আমেরিকার সেনাদের যৌথ মহড়া (ফাইল ফটো)
প্রাণঘাতী করোনাভাইরাসের আশঙ্কায় মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী এই মহড়া বাতিল করা হয়েছে। এ বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীর চিফ অফ দ্যা জেনারেল স্টাফ এবং মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের কমান্ডারের সঙ্গে সমন্বয় করে মহড়া বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (বুধবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে।
গত মঙ্গলবার থেকে ‘জুনিপার কোবরা’ নামে এ মহড়া শুরু হয়ে আগামী ১৩ মার্চ পর্যন্ত চলার কথা ছিল। মহড়ায় আমেরিকার ৬০০ সেনা অংশ নেয়ার কথা। মহড়ায় অংশ নিতে জার্মানি এবং আমেরিকা থেকে মার্কিন সেনারা ইসরাইলে পৌঁছেছিল। ইউরোপ এবং আমেরিকার সেনাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর আরেকটি মহড়া অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু গত শুক্রবার সে মহড়াও বাতিল করা হয়েছে।
করোনাভাইরাসের আশঙ্কায় জার্মানি, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড থেকে ইহুদিবাদী ইসরাইলে যেকোনো লোকের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তেল আবিব বলছে, এসব দেশ থেকে কোনো ব্যক্তি ইসরাইলে গেলে তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হবে।#
পার্সটুডে/এসআইবি/৫