‘আফগানিস্তান থেকে ১১ আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানে ঢুকেছে’
আফগানিস্তান থেকে ১১ আত্মঘাতী বোমা হামলাকারী সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য পাকিস্তানে ঢুকেছে। ২২ দিন আগে এ সব সন্ত্রাসীরা পাকিস্তানে ঢুকেছে এবং এরই মধ্যে পাকতুনখোয়াতে দু’জন নিজেদের উড়িয়ে দিয়েছে। গোয়েন্দা এবং পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, এ সব সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সাজনা গোষ্ঠীর সদস্য। পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এ সব সন্ত্রাসীর পাকিস্তানে ঢোকার তথ্য সংগ্রহ করেছে । এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে। পাঞ্জাব, বিশেষ করে রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ এবং লাহোরে তারা হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের স্পর্শকাতর স্থানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীদের সম্ভাব্য উপস্থিতির বিষয়ে বস্তি এবং গ্রামীণ এলাকার ওপর নজর রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কিছু অভিযানও চালিয়েছে।#
মূসা রেজা/২৮