সিরিয়ায় জঙ্গিবাদ নির্মূলে একসঙ্গে কাজ করে যাবে ইরান, রাশিয়া ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i94334-সিরিয়ায়_জঙ্গিবাদ_নির্মূলে_একসঙ্গে_কাজ_করে_যাবে_ইরান_রাশিয়া_ও_তুরস্ক
সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০৮, ২০২১ ১৯:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ায় জঙ্গিবাদ নির্মূলে একসঙ্গে কাজ করে যাবে ইরান, রাশিয়া ও তুরস্ক

সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে ১৬তম দফার বৈঠকে তিন দেশই আবারও বলেছে, তারা সিরিয়া থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা। পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নুর সুলতান রাখা হয়। এ কারণে তিন দেশের এই আলোচনা প্রক্রিয়াটি এখনও 'আস্তানা আলোচনা' নামেই বেশি পরিচিত।

এই তিন দেশ আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মূল উৎপাটন করতে হবে।  এ কারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

বিবৃতিতে তিন দেশই সিরিয়ার ইদলিবে স্থিতিশীলতা রক্ষা এবং সব চুক্তি পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এসব দেশ সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনারও বিরোধিতা করেছে।

ইরান, রাশিয়া ও তুরস্ক ঐ বিবৃতিতে আরও বলেছে, তারা সিরিয়ার তেলসহ কোনো সম্পদ লুট, বিক্রি ও স্থানান্তরের বিরোধী। সিরিয়ার সম্পদ কেউ নিয়ে যেতে পারে না।

সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি হামলা বন্ধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। এ ধরণের তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। চলতি ২০২১ সালের শেষের দিকে পরবর্তী দফা আস্তানা আলোচনা অনুষ্ঠিত হবে।#    

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।