গোয়াদার হামলা
'বাস্তব ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চীনের চাপ সৃষ্টি'
-
গতকালের হামলায় আহত এক চীনা নাগরিক
পাকিস্তানের গোয়াদার বন্দর এলাকায় গতকাল শুক্রবার চীনা নাগরিক বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত চীনা দূতাবাস। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে চীন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে কথাও বলেছে দেশটি।
গতকালের (শুক্রবার) ওই হামলায় অন্তত দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের সরকারি মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন। নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেড হামলার দায়িত্ব স্বীকার করেছে।
চীনা দূতাবাস আজ এক বিবৃতিতে বলেছেন আহতদেরকে সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে পাকিস্তানকে। পাশাপাশি এই ঘটনার আদ্যোপান্ত তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। হামলায় পাকিস্তানি ও চীনা নাগরিকদের হতাহতের ব্যাপারে দূতাবাস দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছে।
এর আগেও পাকিস্তানে বেশ কয়েকবার চীনা নাগরিকদের ওপর হামলা হয়েছে এবং বেশ কয়েক জন মারা গেছেন।#
পার্সটুডে/এসআইবি/২১