ন্যাটোর সামরিক উপস্থিতির জবাব দিতে রাশিয়ার অঙ্গীকার
-
ন্যাটোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো
রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক উপস্থিতির বিরুদ্ধে শক্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ন্যাটোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো।
তিনি বলেছেন, রুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার দেশ। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ মন্তব্য করেন গ্রুশকো। তিনি বলেন, ইউরোপে ন্যাটো জোটের নতুন পরিকল্পনাকে বিবেচনায় নিয়ে ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ নেয়া হবে।
বাল্টিক সাগর ও কৃষ্ণসাগর এলাকায় ন্যাটোর সামরিক উপস্থিতির সমালোচনা করে গ্রুশকো বলেন, মস্কোর সঙ্গে সঠিক ও মানোত্তীর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এ জোটের পক্ষ থেকে উদ্যোগ নেয়া উচিত। তিনি বলেন, ন্যাটো জোট আমাদের সীমান্তে লাগাতার সমারিক মহড়া চালাচ্ছে, সেনা মোতায়েন করেই চলেছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১