মে ২৫, ২০১৬ ১৫:৫৩ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:


শফিক রেহমানের জন্য কনস্যুলার সুবিধা চেয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর চিঠি- যুগান্তর

৬০ দিনের মধ্যে খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ - কালের কন্ঠ

মিথ্যা দাবি করছে আইএস: শাহরিয়ার- সমকাল

'সবাইকে মাধ্যমিক শিক্ষা অর্জন করতে হবে'-অর্থমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

জয়কে অপহরণ চেষ্টা মামলা-হাইকোর্টে শফিক রেহমানের জামিন আবেদন- ইত্তেফাক

কসবা পৌরসভা নির্বাচনে অনিয়ম, কারচুপি : সংঘর্ষ, বাড়ি দোকান ভাংচুর -নয়া দিগন্ত

ভারতে থেকে ফিরলো আট বাংলাদেশি-মানবকন্ঠ

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখবেন তো? -ইনকিলাব

৯ পৌরসভায় ভোট শেষে গণনা চলছে-জনকন্ঠ


কোলকাতা:

এ বার সিন্ডিকেট সামলান, আর্তি নির্মাণ শিল্পের- আনন্দবাজার

তৃণমূলে যোগদানের আশঙ্কায় বিধায়কদের মুচলেকা কংগ্রেসে- সংবাদ প্রতিদিন

মাত্র ১১ টাকায় পূণ্যস্নানের পর মেলে পাপমুক্তির শংসাপত্র!-এইসময় অনলাইন

কংগ্রেসের সঙ্গেই আন্দোলনের পক্ষে সি পি আই- দৈনিক আজকাল

রাজ্যে জুলাইয়ে হবে মেডিকেল জয়েন্ট: বোর্ড-বর্তমান


পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।


লক্ষ্মীপুরে আওয়ামী লীগকর্মী দুই ভাইকে গুলি করে হত্যা-ইত্তেফাক

খবরটি প্রথম আলো ও মানবজমিনসহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বৈদ্ধের বাড়ি মোড় এলাকায় দুই সহদর ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তবে পুলিশ বলছে নিহত ইব্রাহিম হোসেন রতন এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।


গাইবান্ধায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা-প্রথম আলো

এ খবরটিতে বলা হয়েছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।


কয়লাখনি মামলায় খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ-যুগান্তর

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় অনুসারে মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন রায় প্রদানকারী হাইকোর্ট বেঞ্চ। ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে। আগামী ১২ জুন অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।


বিএনপির বিকল্প জোবায়দা-বাংলাদেশ প্রতিদিন

দুর্নীতির দুই মামলায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘সাজা’ হতে পারে— এমন আলোচনা এখন বিএনপির ভিতরে-বাইরে। নেতা-কর্মীদের শঙ্কা— ‘আদালতের ঘাড়ে বন্দুক’ রেখে সরকার সাজা দেওয়ার অপতত্পরতা চালাচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার অবস্থানদৃষ্টে তাই মনে হচ্ছে। একই পরিণতি হতে পারে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও। তারও দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। জিয়া পরিবারের শীর্ষ এ দুই নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার অপচেষ্টা চলছে বলে মনে করেন নেতা-কর্মীরা। তাদের মতে, বিএনপিকে রাজনীতিশূন্য করতে চায় সরকার। এ অবস্থায় দলের হাল ধরবেন কে— ঘুরেফিরে এ প্রশ্নই আসছে। বিকল্প চিন্তায় অবশ্য তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের নামও আলোচনায় শীর্ষে। কিন্তু বিষয়টি এখনই ভাবতে চান না বিএনপির নীতিনির্ধারকরা। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলের ভাঙন ঠেকাতে ঐক্যবদ্ধ রাখতে শেষমেশ জোবায়দা রহমান দলে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলেও দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ভুল আইনে বিচার: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রায়-কালের কন্ঠ

ধর্ষণের এক মামলায় পনের বছর আগে ভুল আইনে বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে জলিলের দণ্ডাদেশ বাতিল করে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে হাই কোর্টের রায়ে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জলিলের করা জেল আপিল নিষ্পত্তি করে গত বছরের ১৫ ডিসেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ এই রায় দেয়। ওই রায় প্রকাশিত হওয়ার পর আজ বুধবার আদালতের আদেশের বিস্তারিত জানা যায়। ২০০১ সালের এক ধর্ষণের ঘটনায় আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালত। সে সময় তার বয়স ১৫ বছর হলেও ওই মামলার বিচার চলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ওই আইনে অপ্রাপ্তবয়স্ক জলিলের বিচার চালানো ভুল ছিল জানিয়েই তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, এই আদালত মনে করে, রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামি আব্দুল জলিলকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করাই যুক্তিযুক্ত। এ মর্মে এই আদালত আসামি আব্দুল জলিলের জীবনের ১৪টি বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার আদেশ প্রদান করছে।


ময়নাতদন্তকারী চিকিৎসকদের তনুর বাবার উকিল নোটিশ-যুগান্তর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ময়নাতদন্তকারী চিকিৎসকদের উকিল নোটিশ পাঠিয়েছেন নিহত ওই ছাত্রীর বাবা ইয়ার হোসেন।নোটিশে প্রথম ময়নাতদন্তে আলামত গোপন এবং দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রদানে কালক্ষেপণ করার অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। তনুর বাবা ইয়ার হোসেন মুঠো ফোনে যুগারন্তরকে জানান, পরিকল্পিতভাবেই তনুর ময়নাতদন্তের রিপোর্টে সত্য আড়াল করা হচ্ছে, তাই তিনি ন্যায় বিচারের স্বার্থে আইনী লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে তার বাসার পাশে একটি জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তনুর প্রথম ময়নাতদন্ত করেন।

এরপর ডিএনএ আলামত সংগ্রহের জন্য মামলার তদন্তকারী সংস্থা ডিবি’র আবেদনের প্রেক্ষিতে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করা হয়। ৩ সদস্যের মেডিকেল বোর্ড দ্বিতীয় দফায় ময়নাতদন্ত ও ডিএনএ আলামত সংগ্রহ করে। গত ৪ এপ্রিল তনুর প্রথম ময়নতদন্ত রিপোর্ট দেয়া হয়। এতে তনুকে হত্যা কিংবা ধর্ষণের আলামত ছিল না বলে জানানো হয়। এছাড়া গত ৫৬ দিনেও নানা অজুহাতে দেয়া হয়নি দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট। এদিকে ডিএনএ রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত পাওয়ার খবর সিআইডি থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হলে এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।


মিথ্যা দাবি করছে আইএস: শাহরিয়ার-সমকাল

ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটানোর 'মিথ্যা দাবি' করে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটাতে চাইছে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'স্থানীয় জঙ্গিগোষ্ঠী এই হামলা চালাচ্ছে—এমন যথেষ্ট প্রমাণ রয়েছে।'

বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়ার বিভিন্ন স্থানে নিজেদের নিয়ন্ত্রণ হারানো ও অর্থ সঙ্কটের মুখে আইএস এখন লিবিয়া, মিসর ও বাংলাদেশের মতো দেশগুলোতে 'জিহাদিদের' বেছে নিচ্ছে যাতে স্থানীয়ভাবে কম খরচে হামলা চালানো যায়।

তবে এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়ে শাহরিয়ার আলম বলেন, 'স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থা বাংলাদেশে আইএসের উপস্থিতি প্রমাণ করতে পারেনি।'


নিখোঁজ সোনু যশোরে, ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ত্বরিত পদক্ষেপ-মানবজমিন

দিল্লি থেকে ২০১০ সালে নিখোঁজ সোনু এখন যশোরে। তাকে ফিরিয়ে নেয়ার জন্য তৎপরতা চালাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনায় ১২ বছর বয়সী সোনুর সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, সোনুকে ফিরিয়ে নেয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী টুইট করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশে আমাদের জয়েন্ট সেক্রেটারি সুপ্রিয়া রঙ্গনাথান এরই মধ্যে মেহবুব ও মুমতাজের সঙ্গে সাক্ষাত করেছেন। এ দম্পতি দাবি করছেন, সোনু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। ঢাকায় আমাদের হাই কমিশনের কর্মকর্তারা যশোর সফর করবেন। সেখানে পুলেরহাট এলাকায় শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে রয়েছে সোনু। যে দম্পতি তাকে তাদের সন্তান বলে দাবি করছেন তাদের সঙ্গে সোনুর ডিএনএ নমুনা পরীক্ষা করে মিলিয়ে দেখা হবে। যদি ডিএনএ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে তাহলে বিলম্ব না করে আমরা সোনুকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ২০১০ সালে দিল্লি থেকে অকস্মাৎ নিখোঁজ হয় সোনু। সম্প্রতি যশোরের একজন ব্যক্তি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাদেরকে শিশুটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানান। বলেন, সোনু যশোরে একটি শিশু আশ্রয় কেন্দ্রে আছে।

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।


জয় একার নয়, ১১ আমলাকেও কৃতিত্বের ভাগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী-আনন্দবাজার

ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, ২৯৪টি আসনে তিনিই প্রার্থী। তার পর ২১১টি আসন জিতে নেওয়ার কৃতিত্বও তার একারই প্রাপ্য বলে মানেন তৃণমূলের নিচু থেকে উপর তলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মনে করেন, এই জয়ের একমাত্র ‘অধিকারী’ তিনি নন। দলের সতীর্থরা তো আছেনই, পাশাপাশি অন্তত ১১ জন আইএএস অফিসার এই জয়ের নেপথ্য নায়ক— ঘনিষ্ঠ মহলে বলেছেন মমতা। তার নতুন সরকারে এই অফিসারদেরই নেতৃত্ব করতে দেখা যাবে বলে নবান্ন সূত্রের খবর।


এবার সাংসদদের কড়া বার্তা মমতার-সংবাদপ্রতিদিন

যে জায়গায় অন্তর্ঘাতের কারণে দলীয় প্রার্থীদের হার হয়েছে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তৃণমূলনেত্রী৷ একই সঙ্গে বিধানসভা নির্বাচনে যারা দলের অস্বস্তি বাড়িয়ে দলবিরোধী কাজ করেছে তাঁদের ছেঁটে ফেলা হতে পারে।


তৃণমূলে যোগদানের আশঙ্কায় বিধায়কদের মুচলেকা কংগ্রেসে-সংবাদপ্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে নাম লেখাতে পারেন দলের নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা৷ এই আশঙ্কা থেকে এবার দলের বিধায়কদের কাছ থেকে ‘মুচলেকা’ লিখিয়ে নিল প্রদেশ কংগ্রেস৷ দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরির নির্দেশে, ১০০ টাকার স্ট্যাম্প পেপারে কংগ্রেস বিধায়কদের লিখতে হল তাঁরা দলবিরোধী কোনও কাজ করবেন না৷ কিন্তু এমন ঘটনা হাস্যকর বলেই মনে করছে রাজনৈতিক মহল৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫