আগস্ট ২৪, ২০২৩ ১২:৩২ Asia/Dhaka
  • একনজরে ২৪ আগস্ট প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৪ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর সফল অবতরণের খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দেব। এরপর দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধী চীন: শি জিনপিং- যুগান্তর
  • হেঁটে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি- ইত্তেফাক
  • তিন মাসে খেলাপি দ্বিগুণ: অনিয়মের ঋণে খেলাপির শীর্ষে এখন জনতা ব্যাংক- প্রথম আলো
  • আঞ্চলিক রাজনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী- দৈনিক বাংলা
  • ভারত বাংলাদেশে একটি ভালো নির্বাচন চায়: দেশে ফিরে জিএম কাদের- মানবজমিন
  • মিয়ানমারের জেট ফুয়েলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ‘চাঁদের মাটিতে পথচলা শুরু ভারতের', প্রজ্ঞান হাঁটা শুরু করতেই জানাল ইসরো: সংবাদ প্রতিদিন
  • ভারতীয়দের জন্য গর্বের বিষয়, ইসরো চেয়ারম্যানকে চিঠি লিখলেন সোনিয়া: আজকাল
  • এবার লক্ষ্য ‘চন্দ্রযান-৪'! – আনন্দবাজার
  • ভারতে ৭ বছরে প্রথমবার চিনি রফতানিতে নিষেধাজ্ঞা, দাম বাড়ার আশঙ্কা: পূবের কলম 

বিশ্লেষণের বিষয়:

১. বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই: ওবায়দুল কাদের। দৈনিক মানবজমিনের এই খবর সম্পর্কে কী বলবেন?

২. রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকেই রাশিয়ার দিকে আঙুল তুলেছেন। আপনার কী মনে হয়?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধী চীন: শি জিনপিং- যুগান্তর

বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপ চায় না চীন। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে বেইজিং। বাংলাদেশ যাতে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতি বজায় রাখতে পারে, সেজন্য এখানে যেকোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এই মনোভাবের কথা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার দুদেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় এই বৈঠক হয়।

হেঁটে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি- ইত্তেফাক

জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এক নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান। এ সময় শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন দুই নেতা।

ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ নৈশভোজের আয়োজন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে বুধবার সংবাদ ব্রিফিংয়ে বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।

তিন মাসে খেলাপি দ্বিগুণ: অনিয়মের ঋণে খেলাপির শীর্ষে এখন জনতা ব্যাংক- প্রথম আলো

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক একসময় দেশের ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। উদ্যোক্তাদেরও অর্থায়নের প্রধান উৎস ছিল ব্যাংকটি। জনতা ব্যাংকের অর্থায়নে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেশের অনেক শিল্পোদ্যোক্তা। সেই ব্যাংকটি এখন দেশের খেলাপি ঋণে শীর্ষ ব্যাংক।

জনতা ব্যাংকের নিজস্ব নথিপত্র অনুযায়ী, গত তিন মাসে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে ব্যাংক খাতের সর্বোচ্চ খেলাপি ঋণ এখন এ ব্যাংকের। গত মার্চ শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৬ হাজার ৯৫০ কোটি টাকা। জুনে তা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬৬৫ কোটি টাকা। তাতে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৪৩ শতাংশই এখন খেলাপি। মার্চেও এ হার ছিল ১৬ দশমিক ১৫ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশ অনিয়মের মাধ্যমে দেওয়া।

আঞ্চলিক রাজনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী- দৈনিক বাংলা

আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ও সৌদি আরব একে অপরকে সহযোগিতা করে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘কৌশলগত ইস্যুতে আমরা সৌদি আরবের পাশে থেকেছি। মধ্যপ্রাচ্যে ও এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখতে আমরা পরস্পরের সঙ্গে কাজ করছি। হজ ব্যবস্থাপনা কীভাবে আরও ভালো করা যায়, ঝামেলাবিহীন করা যায়, সেই আলোচনা করেছি।

ভারত বাংলাদেশে একটি ভালো নির্বাচন চায়: দেশে ফিরে জিএম কাদের- মানবজমিন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন যাতে হয়, নির্বাচনের আগে পরে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে তা প্রত্যাশা করে ভারত। গতকাল সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে বিদ্যমান মতদ্বৈততার বিষয়ে ভারত কোনো বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা এ বিষয়ে বলেছে, এটি বাংলাদেশের বিষয়। দলগুলো আলাপ-আলোচনা করে এটি সমাধান করবে। এক্ষেত্রে জাতীয় পার্টি ভূমিকা রাখতে পারে বলেও তারা বলেছে। তিন দিনের ভারত সফরে জি এম কাদেরের সফরসঙ্গী ছিলেন স্ত্রী শেরিফা কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।

মিয়ানমারের জেট ফুয়েলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা- সমকাল

যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির জঙ্গিবিমানের জ্বালানি (জেট ফুয়েল) খাতের সঙ্গে জড়িত বা এতে সহায়তা দেওয়া বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

মিয়ানমারের জান্তা জঙ্গিবিমান ব্যবহার করে নিজেদের দেশের মানুষের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। জেট ফুয়েল খাতের ওপর বিধিনিষেধ আরোপের এটাই মূল কারণ।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

চাঁদের মাটিতে পথচলা শুরু ভারতের', প্রজ্ঞান হাঁটা শুরু করতেই জানাল ইসরো: সংবাদ প্রতিদিন

চাঁদের মাটিতে পা দেওয়ার আনন্দে বিভোর গোটা দেশ। দেশজুড়ে সেলিব্রেশন এখনও চলছে। তবে এসবের মধ্যে একপ্রকার নীরবে নিজেদের কাজ করে চলেছে ইসরো (ISRO)। কাজ করে চলেছে চাঁদের মাটিতে পা রাখা ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান।

ভারতীয়দের জন্য গর্বের বিষয়, ইসরো চেয়ারম্যানকে চিঠি লিখলেন সোনিয়া: আজকাল

চাঁদের মাটিতে পোঁছেছে ভারতের চন্দ্রযান। আলো ফুটতেই ধীরে ধীরে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে রোভার প্রজ্ঞান। বুধ সন্ধে থেকে গোটা দেশ ভাসছে উচ্ছ্বাসে, আনন্দে। শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন ইসরোকে, এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল বিজ্ঞানীদের। ইসরো প্রধান এস সোমনাথকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

চিঠিতে তিনি লিখেছেন, 'জানাতে চাই, গতকাল সন্ধেয় ইসরোর দূর্দান্ত কৃতিত্বে আমি কতটা রোমাঞ্চিত ছিলাম। এটি অত্যন্ত গর্বের এবং উন্মাদনার বিষয় সমগ্র ভারতবাসীর জন্য, বিশেষত যাঁরা যুবসমাজ, তাঁদের জন্য।' সঙ্গেই চিঠিতে তিনি লিখেছেন, ইসরোর এই অসামান্য কর্মদক্ষতা তৈরি হয়েছে কয়েক দশকে। ইসরো উল্লেখ্যযোগ্য প্রধানদের পেয়েছে এবং সর্বদা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে গিয়েছে। ইসরোর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

এবার লক্ষ্য ‘চন্দ্রযান-৪ আনন্দবাজার

চন্দ্রযান-৩ সফল। মহাকাশ বিজ্ঞানে বুধবার ইতিহাস তৈরি করে ফেলেছে ভারত। ইসরোর হাত ধরে ভারতই প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। সেই সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসাবে (রাশিয়া, আমেরিকা, চিনের পরেই) উঠে এসেছে ১৪০ কোটির এই দেশ। সাফল্য উদ্‌যাপনের মাঝে ইসরোর লক্ষ্য কিন্তু স্থির। এ বার তাদের পাখির চোখ ‘চন্দ্রযান-৪’।

চন্দ্রাভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী ইসরো। তবে সেই পর্যায়ে আর ভারত একা নয়। অন্য এক দেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে ইসরো। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা (জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)-র সঙ্গে সে বিষয়ে চুক্তি হয়েছে। ভারত এবং জাপান যৌথ ভাবে ‘চন্দ্রযান-৪’ অভিযানে কাজ করবে। এই অভিযানের আসল নাম লুপেক্স (লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন)।

ভারতে ৭ বছরে প্রথমবার চিনি রফতানিতে নিষেধাজ্ঞা, দাম বাড়ার আশঙ্কা: পূবের কলম 

চড়চড়িয়ে বাড়ছে চিনির দাম। শীঘ্রই রফতানি বন্ধ করবে ভারত! জোর জল্পনা। অপর্যাপ্ত বৃষ্টি ও আখের ফলন কম হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর।

জানা গেছে, ৭ বছরের মধ্যে এই প্রথমবার চিনি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ভারত। বৃষ্টির অভাবে দেশের শীর্ষ আখ উৎপাদনকারী অঞ্চল যেমন, মহারাষ্ট্রে এবং কর্ণাটকে তেমন ফলন হয়নি। এই সমস্ত রাজ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০ শতাংশ কমেছে চলতি বছরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪