আগস্ট ২৫, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • একনজরে ২৫ আগস্ট প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৫ আগস্ট (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • কোনো লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে: শেখ হাসিনা-আজকের পত্রিকা
  • ব্রিকসে যুক্ত হচ্ছে নতুন ছয় দেশ, নেই বাংলাদেশ- প্রথম আলো
  • ব্রিকস সম্মেলনে প্রমাণ হয়েছে ভারতও আ.লীগের বন্ধু নয়’- লেবার পার্টি- যুগান্তর
  • বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ: গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের- বণিকবার্তা
  • বাজারে পেঁয়াজ, রসুন ও মাংসের দাম চড়া, সুখবর নেই মাছের বাজারেও- মানবজমিন
  • গণহত্যার ছয় বছর: ৩০ হাজার রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • চন্দ্র অভিযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন বন্ধ নিয়ে সরব মন্ত্রী অরূপ, আলোচনা থামিয়ে দিলেন স্পিকার- আনন্দবাজার
  • 'ওরাই কথা বলতে চেয়েছিল’, মোদি-জিনপিং বৈঠক নিয়ে দাবি দিল্লির- সংবাদ প্রতিদিন
  • 'চিনের সঙ্গে সমস্য়া নিয়ে মিথ্যে বলছে সরকার', কার্গিলে মোদীকে তোপ রাহুলের-জি ২৪ ঘণ্টা
  • সরকারের ওয়েবসাইট থেকে তথ্য গায়েব- আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

কোনো লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে: শেখ হাসিনা-আজকের পত্রিকা

কোনো লুটেরা যেন দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই।’ 

এ সময় শেখ হাসিনা বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিত করুন যে দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধাবিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে। দেশবাসী নৌকায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। অথচ বিএনপিকে ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি ও হত্যা পেয়েছে।’ 

ব্রিকসে যুক্ত হচ্ছে নতুন ছয় দেশ, নেই বাংলাদেশ- প্রথম আলো

ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সম্মেলনের আগে ২২টি দেশ ব্রিকসে যোগ দিতে আবেদন জানিয়েছিল। যোগদানে আগ্রহ প্রকাশ করেছিল আরও ২০টি দেশ। আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো দেশের মধ্যে বাংলাদেশও ছিল। তবে বাংলাদেশ আপাতত এই জোটে সদস্য হিসেবে যোগ দিতে পারছে না।

নতুন ছয়টি সদস্যদেশ আগামী বছরের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

ব্রিকসের সম্প্রসারণ ছিল জোহানেসবার্গ সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয়। কিন্তু নতুন সদস্য বাছাইয়ের কাজটি খুব সহজ হয়নি। এ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়, বেশ সময় নিয়ে ব্রিকসের

ব্রিকস সম্মেলনে প্রমাণ হয়েছে ভারতও আ.লীগের বন্ধু নয়- লেবার পার্টি- যুগান্তর

আওয়ামী লীগের কোনো বন্ধু নাই মন্তব্য করে লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা জানতাম ভারত আওয়ামী লীগের বন্ধু। কিন্তু ব্রিকস সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয়। ছয়টি দেশকে নতুন সদস্য পদ দেওয়া হয়েছে; কিন্তু বাংলাদেশকে সদস্য পদ দেওয়া হয়নি। ভারত তাদের পাশে নেই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলা-মামলা নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে কালোপতাকা মিছিলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ: গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের- বণিকবার্তা

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে আওয়ামী লীগকে জানিয়েছেন জাতিসংঘের ঢাকায় নিযুক্ত আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশান-২ নম্বরে গতকাল গোয়েন লুইসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে তিনি বলেন, ‘ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পিসফুল একটা নির্বাচন বাংলাদেশে হোক, এটাই তারা চায়। বিরোধীরা যে শর্তগুলোর কথা বলছে তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা বলেছে, বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলে আমাদের ভালো লাগবে। মূলত এ বিষয়টিই তারা বলেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বিরোধী দলের শর্তের ব্যাপারে জাতিসংঘ বলেছে, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা বলছে যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হলে আমাদের ভালো লাগবে।]

বাজারে পেঁয়াজ, রসুন ও মাংসের দাম চড়া, সুখবর নেই মাছের বাজারেও- মানবজমিন

বাজারে ডিম ও পেঁয়াজের দাম আগে থেকেই চড়া। মাংস কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এবার বাড়তি দাম এসে ঠেকেছে মসলাজাত পণ্য রসুনে। কয়েক দিনের ব্যবধানে রসুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বাজারে সবজির দামও চড়া। এদিকে মাছের বাজারেও নেই সুখবর।

শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা কেজিতে। মহল্লার কোনো কোনো দোকানদার ১০০ টাকাও রাখছেন। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এদিকে মাস দেড়েক আগে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে ছিল রসুনের দাম। সেটা বাড়তে বাড়তে ২৫০ টাকায় এসেছে।

গণহত্যার ছয় বছর: ৩০ হাজার রোহিঙ্গার সমাবেশ, স্বদেশে ফেরার দাবি- সমকাল

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন-পীড়নের আজ (২৫ আগস্ট) ছয় বছর। দিনটিকে রোহিঙ্গারা ‘কালো দিবস’ আখ্যা দিয়ে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছেন। আজ শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করে দিনকে স্মরণ করেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা।

তারা মিয়ানমারের ফেরার দাবিতে কক্সবাজারের ১২টি ক্যাম্পে আলাদাভাবে সমাবেশ করেছেন। এসব ক্যাম্পে শিশুসহ প্রায় ৩০ হাজার রোহিঙ্গা সমাবেশে অংশ নেন। তারা স্বদেশে ফেরার আকুতি জানিয়েছেন সমাবেশ থেকে।

সকাল ১০টায় উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে বৃষ্টি উপেক্ষা করে রোহিঙ্গা নেতা হাফেজ মো. হারুন মিয়ানমারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় তাদের নিজস্ব ভাষার তারানা (গানের) মাধ্যমে দ্রুত স্বদেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

চন্দ্র অভিযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন বন্ধ নিয়ে সরব মন্ত্রী অরূপ, আলোচনা থামিয়ে দিলেন স্পিকার- আনন্দবাজার

চন্দ্রযান-৩-এর সাফল্য এনে দেওয়া বিজ্ঞানীরা ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার বিধানসভা অধিবেশনে এই অভিযোগ করলে প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা।

শুক্রবার শেষ লগ্নে বলতে ওঠেন মন্ত্রী। অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা এত আনন্দ করছি। গর্বের কথা বলছি, সেই বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন। তাঁরাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। ৩২ মাস ধরে বাজেট কাটছাঁট করা হয়েছে।’’ মন্ত্রীর এমন অভিযোগ শুনে নিজের আসন থেকেই স্পিকারের কাছে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিধায়ক অশোক লাহিড়ী, বিশ্বনাথ কারকরা। তবুও না থেমে নিজের যুক্তির সপক্ষে অরূপ দাবি করেন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত হলেও ওই বিজ্ঞানীরা ইসরো কর্মী নন। তাঁরা রাঁচীর হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মী। গত ১৭ মাস সেখানে বেতন হয়নি বলে অভিযোগ। এই সংস্থাই চন্দ্রযান-৩ এর লঞ্চিংপ্যাড তৈরি করেছে বলে খবর।

'ওরাই কথা বলতে চেয়েছিল', মোদি-জিনপিং বৈঠক নিয়ে দাবি দিল্লির- সংবাদ প্রতিদিন

ব্রিকস সামিটে মোদি-জিনপিং পার্শ্ববৈঠক নিয়ে তুঙ্গে ভারত-চিন তরজা। কে আগে আলোচনার আবেদন জানিয়েছিল তা নিয়েই যুযুধান দুই দেশ। বেজিংয়ের দাবি, বৈঠকের আরজি ছিল ভারতেরই। নয়াদিল্লির পালটা বক্তব্য, কথা বলতে চেয়েছিল চিনই।

বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট জিনপিং। লাদাখে সীমান্ত সংঘাতের আবহে এই বৈঠকে রফাসূত্র মেলার আশা ক্ষীণ থাকলেও নজর ছিল সব মহলের। সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন শি। তার আগে এই বৈঠক খানিকটা যেন জমি তৈরির মতোই। তবে কে আগে আলোচনার জন্য আবেদন জানিয়েছিল, সেই প্রশ্নেই তাল কেটে গিয়েছে। 

'চিনের সঙ্গে সমস্য়া নিয়ে মিথ্যে বলছে সরকার', কার্গিলে মোদীকে তোপ রাহুলের-জি ২৪ ঘণ্টা

চিনের ইস্যু নিয়ে মিথ্যা বলছে মোদী সরকার। কার্গিলের একটি জনসভায় এমনই দাবি করলেন রাহুল গান্ধী। এর আগে রবিবার রাহুল গান্ধী চিনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে মোদী সরকারকে নিশানা করে বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন - লাদাখে এক ইঞ্চি জমিও হারিয়ে যায়নি, এটা সত্য নয়।' অথচ মানুষ বলছে, চিনা সেনা আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে।

আগে যে জমি চারণভূমি হিসেবে ব্যবহৃত হত এখন সেখানে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চি জমিও নষ্ট হয়নি, এটা ঠিক নয়। রাহুল বলেন, লাদাখে যে কাউকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে একই কথা বলবে। ভারতে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকেই তাঁর দাবি কংগ্রেস দেশের সর্বত্র শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিচ্ছে।

সরকারের ওয়েবসাইট থেকে তথ্য গায়েব- আজকাল

কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে গায়েব লক্ষাধিক আরটিআই আবেদন এবং সেই সম্পর্কিত তথ্য। সরকারের শীর্ষ মহলের নির্দেশে সেই সব তথ্য তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর। এই খবর প্রকাশ্যে আসার পরেই আরটিআই কর্মীরা সরকারের সমালোচনা করে বলেছেন, বর্তমান সরকার তথ্য জানার অধিকার আইনের আবেদন নতুন করে গ্রহণ করছে না এবং পুরনো তথ্য তুলে দিচ্ছে। ২০১৯ সালের আগে করা তথ্য জানার অধিকার আইনের জবাবের তথ্য ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে।$

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫