জুন ২৭, ২০১৬ ১৫:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৭ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

রিমান্ডে থাকা ফাহিম নিহতের ঘটনায় লিগ্যাল নোটিশ–ইত্তেফাক

১২৮টি বাড়ি সরকারি চাকরিজীবীদের অবৈধ দখলে-প্রথম আলো

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা খালেদা জিয়ার- মানবজমিন

সংসদে গণশিক্ষা মন্ত্রী-প্রাথমিকে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য-বাংলাদেশ প্রতিদিন

কোকোর মৃত্যু তদন্ত হওয়া উচিত – সংসদে খালিদ মাহমুদ চৌধুরী- কালের কণ্ঠ

৬০ হাজার কোটি টাকা লেনদেন বড় হচ্ছে ঈদ অর্থনীতি-যায় যায় দিন

নায়িকা মিষ্টিকে হুমকি, মুচলেকায় মুক্ত ছাত্রলীগ নেতা- যুগান্তর

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

ঘুষের ভাগ নিয়ে পুলিশের হাতাহাতি, ভাইরাল-সংবাদ প্রতিদিন

হুঁশিয়ারি মোদির, অঘোষিত আয়ের হিসাব দিন, না হলে কড়া শাস্তি-বর্তমান

ক্ষেপণাস্ত্র ক্লাবের সদস্য হল ভারত-আজকাল

এক লাইনের রচনা, রুবির উত্তরে অবাক পরীক্ষকদের প্যানেল-এইসময়

ধর্ষণ-মন্তব্যে সলমনের বিরুদ্ধে ১০ কোটির মামলা গণধর্ষিতার-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন তুমুল বৈরিতা বড় দুটি দলের মধ্যে এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তখন একটি বাতাবরণের আভাস পাওয়া গেল দৈনিকগুলোর একটি খবর থেকে।

এ সম্পর্কে ইত্তেফাক প্রথম আলোর খবরের শিরোনাম-শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।

মিতু হত্যার বিষয় নিয়ে প্রথম আলোর শিরোনাম:

আরও দু-একজন ধরা পড়বে বলে নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার সঙ্গে জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলে নিশ্চিত তিনি।

ইত্তেফাকের শিরোনাম-রিমান্ডে থাকা ফাহিম নিহতের ঘটনায় লিগ্যাল নোটিশ

পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে ফায়জুল্লাহ ফাহিমের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আজ সোমবার এ নোটিশ দেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

নোটিশ প্রাপ্তির ১৫দিনের মধ্যে ফাহিমের নিহতের ঘটনা উদঘাটনে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি জানানো হয়।

‘জঙ্গিচক্র হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে’-মানবজমিন

চক্র তো হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে না বলে মন্ত্রব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। অনেক আসামি শনাক্ত হয়েছে। কিন্তু গ্রেপ্তার হয়নি।

'রাজনীতিবিদদের অতিকথন শব্দ সন্ত্রাস'-বাংলাদেশ প্রতিদিন

পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের নেতারা নিজেরাই শব্দ সন্ত্রাস করে। শব্দ সন্ত্রাসটা সন্ত্রাসের চেয়েও ভয়ংকর। অতিকথন যখন শব্দ সন্ত্রাসের মতন প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তখন কিন্তু এটা বোমার চেয়েও কম ভয়ংকর নয়। কাজেই রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়।

১২৮টি বাড়ি সরকারি চাকরিজীবীদের অবৈধ দখলে-প্রথম আলো

বর্তমানে দেশের ১২৮টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে আছে। এর মধ্যে এফ শ্রেণির একটি, সুপিরিয়র শ্রেণির দুটি, ই শ্রেণির ১২টি, সংরক্ষিত ৫৩টি, ডি শ্রেণির ৫৬টি এবং অস্থায়ী চারটি বাড়ি রয়েছে। আজ সোমবার সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা আদালতে মামলা করে এসব বাড়িতে বসবাস করছেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দুজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবছরও পিএসসি ও জেএসসি পরীক্ষা হবে

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা এবার যথানিয়মেই অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর ২টায় সচিবালয়ে সংবাদ ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি বলেন, পরবর্তী আইন না হওয়া পর্যন্ত পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত চেয়ে একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভায় পেশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। সেহেতু পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা রাখা না-রাখার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন। এ প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রিসভা অভিমত দেয় যে, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা উঠিয়ে দিতে গেলে একটি আইনের প্রয়োজন হবে। আইন না হওয়া পর্যন্ত আগে যে নিয়মে পরীক্ষা হতো, এখনো সেভাবে চলবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেয়। এর পরিবর্তে অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়ার কথা জানায়। এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠায়। কিন্তু আজ মন্ত্রিসভা প্রস্তাবটি নাকচ করে আরও পরীক্ষা নিরীক্ষা করতে বলে।

ইত্তেফাকের উন্নয়নমূলক খবরের শিরোনাম: ঈদের আগেই খুলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেন

ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এই প্রকল্পের কাজ পরিদর্শসনকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

৬০ হাজার কোটি টাকা লেনদেন: বড় হচ্ছে ঈদ অর্থনীতি-যায় যায় দিন

প্রতি বছরই বড় হচ্ছে দেশের ঈদের অর্থনীতি। বাড়ছে এই অর্থনৈতিক কর্মযজ্ঞ। ঈদে অর্থনীতিতে ব্যাপক মুদ্রা সরবরাহ, শিল্প উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যসহ নানা রকম অর্থনৈতিক কর্মকা-ের প্রসার ঘটে। এই উৎসবে অর্থনীতির বিভিন্ন খাতে আর্থিক লেনদেনসহ গোটা অর্থনীতি তথা দেশজ উৎপাদন ব্যবস্থাপনায় প্রভাব পড়ে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় গত বছরের তুলনায় এবার আর্থিক লেনদেনের পরিমাণ ২০ থেকে ৩০ শতাংশ বেশি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা জানান, এই উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী টাকার প্রবাহ বাড়ে। এই টাকার বড় অংশ ব্যয় হয় খাবার-দাবার, পোশাক, ভ্রমণ, ভোগ-বিলাস এবং প্রসাধনীতে। ঈদকেন্দ্রিক অর্থনীতির এই বিস্তার এখন শাড়ি থেকে শুরু করে গাড়িতে গিয়েও ঠেকেছে। ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার ৬০ হাজার কোটি টাকা।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জঙ্গিহানা নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের’-বর্তমান

পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির পর কাশ্মীরের পুলওয়ামা। শনিবারের জঙ্গি হামলার পর ফের একবার পাকিস্তানের নাম না করে এই ঘটনার জন্য তাদের দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর মন্তব্য, ‘ভারতের স্থিতাবস্থা নষ্ট করার চক্রান্ত করছে প্রতিবেশী দেশ।’ থেমে থাকেননি স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজুও। তাঁর দাবি, ‘ভারতে অশান্তি তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ করানো হয়েছে।’

হুঁশিয়ারি মোদির, সময়সীমা ৩০ সেপ্টেম্বর: অঘোষিত আয়ের হিসাব দিন, না হলে কড়া শাস্তি-বর্তমান

কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি পূরণে ক্রমেই চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকী বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনেও এই ইস্যুটিকে বড় হাতিয়ার করতে দেখা গিয়েছে বিরোধী শিবিরকে। এই অবস্থায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গোপন উপার্জন ও সম্পত্তির কথা স্বেচ্ছায় ঘোষণার জন্য কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ঝঞ্ঝাট এড়াতে এটাই শেষ সুযোগ। সুযোগের এই ‘জানালা’ বন্ধ হয়ে গেলে বড় সমস্যার মুখে পড়তে হবে।

ঘুষের ভাগ নিয়ে পুলিশের হাতাহাতি, ভাইরাল-সংবাদ প্রতিদিন

মারামারি থামানোর দায়িত্ব ন্যস্ত তাঁদের কাঁধে। কিন্তু তাঁরা নিজেরাই জড়িয়ে পড়লেন মারামারিতে। তাও আবার ঘুষের বখরা নিয়ে! উত্তরপ্রদেশ পুলিশের এমনই চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

বিভিন্ন ট্রাকের থেকে পুলিশের তোলা তোলার ঘটনা এখন ‘ওপেন সিক্রেট’। দেশের বিভিন্ন প্রান্তের ট্রাকচালকরা এ নিয়ে অভিযোগ জানিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তাতে পরিস্থিতি কিছু বদলায়নি। উল্টে কতটা খারাপ হয়েছে এই ঘটনা তার প্রমাণ দিল।

ক্ষেপণাস্ত্র ক্লাবের সদস্য হল ভারত-আজকাল

আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ সংগঠনের (‌ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম)‌ পূর্ণ সদস্যপদ পেল ভারত। এক বিবৃতি জারি করে জানাল বিদেশ মন্ত্রক। ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রো জিয়েগ্লে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফনসাস স্টুলিঙ্গা ও লুক্সেমবার্গের শার্জ দ্য’ফের লরে হুবার্টির উপস্থিতিতে অন্তর্ভুক্তি চুক্তিতে সই করেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭